লিওনেল মেসি- ফুটবল দুনিয়ার জাদুকর। ফুটবলই তার ধ্যান-জ্ঞান। ফুটবলের বাইরে কোনো কিছু যেন চিন্তাই করতে পারেন না। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ থেকে স্প্যানিশ ট্রফি কি জেতেননি? আর আকাশি-নীল-সাদা জার্সি গায়ে প্রিয় জন্মভূমি আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন কোপা আমেরিকা আর বিশ্বকাপের সোনালি ট্রফি। এমন বাবার ছেলেদের ফুটবল ছাড়া অন্যকিছু চিন্তা করলে কি চলে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সুপারস্টার মেসির তিন তনয় থিয়াগো, মাতেও এবং চিরোও বেড়ে উঠছেন ফুটবলকে আপন করে নিয়ে।
একজন জগদ্বিখ্যাত ফুটবলারের রক্ত যাদের শরীরে প্রবাহিত হচ্ছে। তারা তো স্বজাত ফুটবল প্রতিভা নিয়েই জন্মাবে, এটাই তো স্বাভাবিক। বাস্তবে তেমনটাই হয়েছে। তাই তো বিভিন্ন সময়ে মেসির ছেলেদের ফুটবল মেধা নিয়ে আলোচনা হয়েছে ঢের। এখনো থেমে নেই সেই আলোচনা। ফুটবল বিশ্বের তাবৎ অনুরাগীদের সঙ্গে তিন ছেলের প্রতিভা দেখে মুগ্ধ মেসি নিজেও। ভবিষ্যতে মেসির তিন ছেলে একসঙ্গে আর্জেন্টিনার হয়ে খেলে অনন্য নজির গড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। সম্প্রতি আর্জেন্টিনার ইএসপিএন লাতিন আমেরিকার স্প্যানিশ ভাষার ফুটবলবিষয়ক অনুষ্ঠান ‘সিম্পলি ফুটবল’ এ দেওয়া সাক্ষাৎকারে নিজের তিন ছেলেকে নিয়ে কথা বলেছেন মেসি।
ফুটবল প্রতিভায় তিন ছেলের মধ্যে কে সেরা? সেটা অবশ্য নির্দিষ্ট করে বলেননি মেসি। এক ছেলের নাম বললে যাতে অন্য দুই ছেলে মন খারাপ না করে। তবে তিন ছেলের মধ্যে কী কী গুণ দেখতে পেয়েছেন, সেসব বিস্তারিত জানিয়েছেন ইন্টার মিয়ামির এ প্রাণভোমরা। তিন ছেলেকে নিয়ে মেসি বলেন, “তারা সারা দিন বল নিয়েই থাকে। তাদের সঙ্গে আমিও উপভোগ করি। প্রতিদিন অনুশীলন করে, লড়াই করে এবং ম্যাচ খেলে। তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারা খুবই সরল। আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে, ‘তুমি কেন তার নাম বললে’। তাই নামটা আমি নিজের কাছেই রাখি। তবে তিনজনই বেশ আলাদা।”
১২ বছর বয়সি বড় ছেলে থিয়াগোর গুণ নিয়ে মেসি বলেন, ‘থিয়াগো চিন্তাশীল, সংগঠক এবং একজন মিডফিল্ডার।’ মেজো ছেলে নিয়েই মাঠে সময়টা বেশি কাটে মেসির। বাপ-বেটা মেতে ওঠেন খুনসুটিতে। সেপ্টেম্বরে ১০ বছরে পা রাখতে যাওয়া মাতেওকে নিয়ে মেসি জানান, ‘মাতেও ফরোয়ার্ড, সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড়।’
সাত বছর বয়সি ছোট ছেলে চিরোকে নিয়ে মেসির ভাবনা এমন, ‘চিরো আরো বিস্ফোরক। সে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে এবং একজন ওয়ান অন খেলোয়াড়। সে নিজের খেলা তৈরিতে বেশি আগ্রহী।’
মেসির তিন ছেলে কেবল নিজের বাবাকে নিয়ে ব্যস্ত থাকে না। তারা ফলো করে বিশ্বের অন্য তারকা ফুটবলারদেরও। এ নিয়ে মেসির ভাষ্য, ছেলেদের আগ্রহ নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন, ‘তারা সব দেখে। সবাইকে জানে। তারা এমবাপ্পে, ভিনিসিয়াস, হালান্ড, লেভানডোভস্কি, লামিনের বিষয়ে কথা বলে। আশপাশের সবাইকে তারা অনুসরণ করে। তাদের মতো হতে চায় এমন না, তবে তারা সব জানে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

