২০২৪ সালের জুনের পর আর নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলা হয়নি ডেভন কনওয়ের। অবশেষে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে লম্বা সময় পর এই সংস্করণের দলে ফিরলেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার। তার ফেরার রাস্তা তৈরি হয়েছে ফিন অ্যালেনের ইনজুরির কারণে।
ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজের দল থেকে ছিটকে গেছেন অ্যালেন। তার বদলি হিসেবে যাক পেয়েছেন কনওয়ে। ফ্রাঞ্চাইজি ক্রিকেট ব্যাট হাতে ছন্দেই আছেন তিনি। মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস সুপার কিংসের হয়ে ৪ ম্যাচে ১২৭.৩৫ স্ট্রাইকরেটে ১৩৫ রান করেন কনওয়ে। তাকে নিয়ে আশাবাদী নিউজিল্যান্ডের নতুন কোচ রব ওয়াল্টার।
ওয়াল্টার বলেন, ‘অ্যালেন ইনজুরিতে পড়ায় খারাপ লাগছে। এমএলসিতে সে দুর্দান্ত ফর্মে ছিল। তাই আমি ওর সঙ্গে কাজ করতে মুখিয়ে ছিলাম। তবে ভুলে গেলে চলবে না ইনজুরি খেলারই একটা অংশ। আমাদের ভাগ্য ভালো যে বদলি হিসেবে কনওয়ের মতো দারুণ একজন ক্রিকেটারকে দলে পেয়েছি।’
ত্রিদেশীয় সিরিজের জন্য নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

