কলম্বো টেস্টের চতুর্থ দিন সকালেই হতাশ করেছে বাংলাদেশি ব্যাটাররা। ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে এদিন ব্যাট করতে নামে অতিথিরা। আগের দিনের চেয়ে আর মাত্র ১৮ রান যোগ করেই বাকি ৪ উইকেট হারায়। তাতেই শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারে বাংলাদেশ।
২৫ বছর ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে খেলা ১৫৪ টেস্টের মধ্যে ১১২টিতেই পেয়েছে হারের তিক্ত স্বাদ। ১৯ ড্রয়ের বিপরীতে জিতেছে ২৩ ম্যাচ। বাকি ৪৭ ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাদের সবচেয়ে বেশি ইনিংস হারের লজ্জা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
এই দুই দলের কাছে সমান নয়বার করে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতোদিন শান্ত, মুশফিক, লিটনদের ইনিংস হারানোর হিসেবে সবার ওপরে ছিল প্রোটিয়ারা। সদ্য শেষ হওয়া কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে জিতে আফ্রিকান জায়ান্টদের পাশে বসেছে শ্রীলঙ্কা।
এই তালিকার দুইয়ে আছে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের কাছে আটবার ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিন খ্যাত পাকিস্তান বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ছয়বার। প্রতিবেশী দেশ ভারতের কাছে পাঁচবার এই লজ্জা পেয়েছে দলটি। বাংলাদেশকে তিনবার করে ইনিংস ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে একবার ইনিংস হেরেছে তারা। সব মিলিয়ে টেস্ট খেলুড়ে ১১ দেশের মধ্যে নয়টির বিপক্ষেই ইনিংস হেরেছে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

