দেওয়ান হামজা চৌধুরীকে ঘিরে আলোচনাটা শুরু হয়েছিল গত ডিসেম্বর থেকেই। সব প্রক্রিয়া শেষে যখন বাংলাদেশের হয়ে গেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি খেলা এই ফুটবলার, তখন তাকে ঘিরে উচ্ছ্বাস আর উদ্দীপনা সৃষ্টি হয় দেশের ফুটবলে। গত ১৯ মার্চ হামজা বাংলাদেশে পা রাখার পর রীতিমতো ফুটবলে উন্মাদনা তৈরি হয়েছে। ‘হাইপ্রোফাইল’ প্রবাসী ফুটবলার হামজাকে ঘিরেই নতুন শুরুর স্বপ্ন দেখছে বাংলাদেশ। আজ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের ফুটবলে হামজা যুগের সূচনা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে। ভারতের এ মাঠেই নতুন পথচলা শুরু হচ্ছে হামজার।
বাংলাদেশ জাতীয় দলে হামজার অভিষেক জয়ে রাঙানোর ঘোষণা আগেই দিয়েছেন তার সতীর্থরা। তবে গত ২৫ বছর ধরে ভারতের বিপক্ষে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। হামজায় উজ্জীবিত হয়েইে এবার ভারতকে হারানোর পণ জামাল, রাকিব, তপু, হৃদয়দের। ঘরের মাঠে খেললেও নিজেদের শতভাগ ফেভারিট বলতে পারছে না ভারত। মূলত হামজার কারণেই বাংলাদেশ শক্তিমান দলে পরিণত হয়েছে। হামজার সমন্বয়ে দলীয় ঐক্যবদ্ধ পারফরম্যান্সে ভারতের বিপক্ষে সাফল্য পেতে মরিয়া বাংলাদেশ। তবে পর্যাপ্ত প্রস্তুতি আর ভারতের কন্ডিশন বাংলাদেশের জন্য বেশি চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে, ভারত দলে অবসর ভেঙে খেলছেন সুনিল ছেত্রী। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ভারত। এ ম্যাচে গোল পান ভারতীয় এই ফরোয়ার্ডও। এ ম্যাচটি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে স্বাগতিকদের।
ভারতেকে হারাতে হলে শুধু হামজাই নন, বাংলাদেশের প্রত্যেককেই সেরাটা খেলতে হবে। আর প্রতিপক্ষ হিসেবে ভারত সব সময় শক্তিশালী। তবে বাংলাদেশও লড়াইয়ে কম যায় না। ২০২১ সালের সাফের কথাই যদি বলি, ওই টুর্নামেন্টে তৎকালীন কোচ ইগোর স্টিমাচের দল ভারত ছেত্রীর গোলে এগিয়ে গিয়েছিল। পরে ৫৪ মিনিটে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়। অবশ্য ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের হেডে গোল পেয়ে ম্যাচে ১-১ সমতা আনে বাংলাদেশ। তাছাড়া ২০১৯ সালে বিশ্বকাপ বাছাই ম্যাচে কলকাতার মাঠে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেন জামাল ভূঁইয়ারা। ওই ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু শেষদিকে ছেত্রীর গোলে ড্র করে ভারত। এবার অতীতের পারফরম্যান্স ছাড়িয়ে যেতে চায় বাংলাদেশ। এজন্য তরুণদের প্রতিই আস্থা রাখছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। হামজার সঙ্গে তরুণ প্রতিভা মোহাম্মদ হৃদয় ও আল আমিনরা জ্বলে উঠতে পারেন। মধ্যমাঠে চিন্তা নেই। হামজার রক্ষণাত্মক দক্ষতা, ট্যাকল, ইন্টারসেপশন আর ব্লকিংয়ে দক্ষতা বাংলাদেশকে এগিয়ে রাখবে। তবে হামজা একা ম্যাচ জেতাতে পারবেন না। তার সঙ্গে সবাইকে সেরাটাই খেলতে হবে।
এদিকে, ভারত কোচ মার্কুয়েজ বলেছেন, এশিয়ান কাপের বাছাইপর্বে জয় দিয়ে শুরু করতে চান তারা। সুনিল ছেত্রী ঘিরেই আক্রমণভাগ সাজাচ্ছেন এই কোচ। দলের নেতৃত্বেও থাকবেন ছেত্রী। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সাফল্য পেতে মরিয়া ভারত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

