বদলি চিন্তায় সোহান, জায়গা হারালেন মিরাজ

বদলি চিন্তায় সোহান, জায়গা হারালেন মিরাজ

প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়ে সরাসরি এশিয়া কাপে খেলবেন নুরুল হাসান সোহান। সবশেষ শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দলে তার জায়গা না হওয়ায় বেশ সমালোচনা হয়েছিল। এবার তাকে দলে ফিরিয়ে সেই সমালোচনা খানিকটা থামিয়ে দিলেন নির্বাচকরা। তাকে সে সময় দলে না নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ও ‘এ’ দলের হয়ে খেলিয়ে প্রস্তুতির সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া মেহেদি হাসান মিরাজকে দলে না নেওয়ার ব্যাপারে লিপু বলেন, ১৭ জনের স্কোয়াড দেওয়া সম্ভব হলে মিরাজের জায়গা হতো। আপাতত শেখ মাহেদি থাকায় ওয়ানডে অধিনায়ককে এশিয়া কাপের জন্য বিবেচনা করা হয়নি।

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। তাকে ফেরানো নিয়ে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সোহানকে নিয়ে অনেক আলোচনা ছিল শ্রীলঙ্কা সফরের সময় টি-টোয়েন্টি দলে। আমরা তখন ভেবেছি দলের যে ফরমেশন, সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম একাদশে খেলার সম্ভাবনা খুব কম। ওই সময় আমাদের কাছে যেটা মনে হয়েছে, সে যদি প্রস্তুতির জন্য গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট খেলে— আমরা জানতাম সে ‘এ’ দলের হয়ে ডারউইনে খেলতে যাবে। তো তারও একটা প্রস্তুতি হয়ে যায়। ১০ ম্যাচের মতো খেলা হয়ে যায় এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে আসার আগে। সেজন্য আমরা বলেছিলাম তিনি আমাদের খুব কাছের নজরে আছে।’

বিজ্ঞাপন

তিনি আরো যোগ করেন, ‘আমরা হয়তো তাকে আন্তর্জাতিক লেভেলের এক্সপোজার দিতে পারিনি। কিন্তু পরেই যে ধাপ, তার সঙ্গে আরো অনেকে সুযোগ পেয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার, প্রতিদ্বন্দ্বিতার আমেজ, চ্যালেঞ্জ, পারফর্ম কীভাবে ভালো করবে। কেউ ভালো না করলে কী করলে পারফরম্যান্সটা আকাঙ্ক্ষিত জায়গায় নিতে পারে।’

তবে সোহান যে এখনো প্রথম একাদশের জন্য বিবেচনায় নেই সেটা স্পষ্ট প্রধান নির্বাচকের কথায়। জাকের আলী অনিকের বদলি হিসেবে সোহান বিবেচিত হচ্ছেন সেটা স্পষ্ট লিপুর কথায়। এ নিয়ে তিনি বলেন, ‘তার অ্যাপ্রোচ অব ক্রিকেট, প্যাটার্ন অব ক্রিকেট আমরা স্পেশালি পাঁচ-ছয়ে আমাদের একটা ভালো চয়েজ। যেমন জাকের আলী আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে। সেই হিসেবে ব্যাকআপের জায়গায় আমরা তাকে সেরা মনে করছি।’

সোহানের মতো লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। তাকেও বিবেচনা করা হচ্ছে বিকল্প হিসেবে। লিপুর কথায় খানিকটা স্পষ্ট তাওহিদ হৃদয়ের বিকল্প হচ্ছেন সাইফ। পাশাপাশি তার পার্ট-টাইম বোলিং সামর্থ্যের কথাও বিবেচনায় নিয়েছে নির্বাচক প্যানেল। এই নিয়ে লিপু বলেন, ‘আমাদের ওপরের দিকে একটা বোলারের দরকার ছিল, সেটার একটা পারপাস তিনি অ্যাড্রেস করতে পারবেন। নাম্বার ফোর, থ্রি অথবা যদি নতুন বলে ওপরের দিকে নাম্বার ওয়ান, টুতে আমার কোনো প্লেয়ার লাগে, সেই আলোকে সাইফ হাসানের দিকে আমাদের চোখ ছিল এবং আমরা এবার তাকে অন্তর্ভুক্ত করেছি। নাম্বার ফোরে ব্যাট করার মতো ক্যাপেবল ব্যাটার এবং প্রয়োজনে যদি কোনো পরিস্থিতির তৈরি হয় দলের জন্য ওপেন করার সক্ষমতা রাখেন। আমরা এরকম মাল্টিপল প্লেসে অ্যাড্রেস করার মতো প্লেয়ার খুঁজছি। দলের তাদের প্রয়োজন অনেক বেশি।’

মেহেদি হাসান মিরাজ প্রসঙ্গে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘দলের ক্রাইসিস হলে অবশ্যই তাকে খেলতে হবে। প্রথম একাদশে যদি আমরা সিরিয়াস ক্রাইসিসে পড়ে যাই, ডেফিনেটলি উই উইল পিক হিম অ্যান্ড হি উইল অলসো কাম টু প্লে। আমরাও কিছুটা মনে করি, এই দুটি (টেস্ট-ওয়ানডে) জায়গা তার জন্য অনেক পারফেক্ট। পর্যায়ক্রমে একটা থেকে শিফট হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরত আসা কঠিন কিছু না। তিনি অনেক ক্ষুরধার মেধাসম্পন্ন খেলোয়াড়। যে কোনো ফরম্যাটে এডাপ্ট করার সক্ষমতা তিনি রাখেন। একসঙ্গে তিনটা ফরম্যাটে চালিয়ে যাওয়া আজকালকার ক্রিকেট অনেক চ্যালেঞ্জিং, সেটা সার্বিক পরিশ্রম থেকে শুরু করে একটা ফর্ম ধরে রাখার ব্যাপার আছে। অনেক কিছু বিবেচনার ব্যাপার আছে। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটেও এই বদলটা আপনি দেখতে পাচ্ছেন আশা করি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন