মিশন হেক্সা: বিশ্বকাপ মঞ্চে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

মিশন হেক্সা: বিশ্বকাপ মঞ্চে ব্রাজিল

দীর্ঘ ২৪ বছরের বিশ্বকাপ খরা কাটানোর মিশন। ষষ্ঠবারের মতো বিশ্বসেরা (হেক্সা) হওয়ার স্বপ্ন বুনে গতকাল সহআয়োজক যুক্তরাষ্ট্রে পা রেখেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। তার আগে সোমবার রাতে রিও ডি জেনেরিও থেকে সেলেসাওরা উড়াল দেয়। পাঁচবারের শিরোপাধারীদের বিশ্বকাপ যাত্রা ছিল ভক্তদের অভূতপূর্ব উন্মাদনা ও ভালোবাসায় পূর্ণ। বিশেষ করে দলের অভিজ্ঞ তারকা নেইমার জুনিয়র এবং ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

নিউ জার্সির নিউইয়র্কে পৌঁছানোর পর গতকাল বিকালেই প্রথম অনুশীলনে নামার কথা প্রধান কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের।

সোমবার দুপুরে রিও’র বাররা দা তিজুকার টিম হোটেল থেকে যখন খেলোয়াড়রা বাসে উঠছিলেন, তখন শত শত সমর্থক প্রিয় তারকাদের বিদায় জানাতে ভিড় করেন। নেইমার, অ্যালিসন বেকার, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো ও রাফিনহারা বাসে ওঠার আগে ভক্তদের আবদার মিটিয়ে অটোগ্রাফ দেন, ছবিও তোলেন।

যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগে ব্রাজিলের ফুটবলাররা ‘ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন’ (সিবিএফ) সদর দপ্তরে যান। সেখানে ফুটবলাররা সিবিএফ মিউজিয়াম ঘুরে দেখেন এবং ব্রাজিলের ফুটবল ইতিহাসের সোনালি অতীত রোমন্থন করেন।

মিউজিয়ামে প্রদর্শিত ব্রাজিলের ঐতিহাসিক পাঁচটি বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আবেগঘন চোখে তাকিয়ে থাকতে দেখা যায় ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকেতা ও অ্যালিসন বেকারদের। যেন আরো একবার সেই সোনালি ট্রফিটি ছুঁয়ে দেখার দীপ্ত শপথ নিচ্ছিলেন তারা। সেখানে সিবিএফের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক নৈশভোজে অংশ নেওয়ার পর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারা।

রাত ১০টার দিকে রিও’র গ্যালেও বিমানবন্দর থেকে ব্রাজিলের চার্টার্ড ফ্লাইটটি উড্ডয়ন করে। প্রথা ও ঐতিহ্য মেনে রানওয়েতে দমকল বাহিনীর দুটি বড় গাড়ি থেকে পানির ফোয়ারা ছুড়ে (ওয়াটার স্যালুট) বিদায় জানানো হয় সেলেসাওদের বহনকারী বিমানটিকে।

১ দশমিক ১৯ বিলিয়ন রিয়াল (প্রায় ৩ হাজার কোটি টাকা) মূল্যের এই বিশেষ বোয়িং ৭৬৭-৩০০ ইআর বিমানটি বিশ্বখ্যাত রক ব্যান্ড ‘রোলিং স্টোনস’-এর ট্যুর বিমান হিসেবেও অতীতে ব্যবহৃত হয়েছিল।
উড্ডয়নের পরপরই নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো দলের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘সবাই একসঙ্গে...’।

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর অনুশীলনে পূর্ণাঙ্গ স্কোয়াড পেয়েছেন কোচ আনচেলত্তি। গত শনিবার রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষ করে সরাসরি যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্পে যোগ দিয়েছেন পিএসজি তারকা মার্কিনহোস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাস।

সব মিলিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই বিশ্বজয়ের চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন