প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী দুই প্রতিপক্ষের কাছে হারের পর এবার আরেক শক্তিধর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আজ বেলা সাড়ে ৩টায় বিশাখপত্তমের রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচের আগে বাংলাদেশের মেয়েদের জন্য বাড়তি চিন্তার কারণ ব্যাটিং ব্যর্থতা। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে কোনো প্রতিরোধই গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। সেই ব্যর্থতা এবার কাটিয়ে উঠতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।
নিউজিল্যান্ড-ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ছাড়া ম্যাচ খেলার সুযোগ না পেলেও প্রোটিয়া নারীদের বিপক্ষে ২১ ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। সেই পরিসংখ্যানে অবশ্য প্রোটিয়া নারীদেরই জয়জয়কার। ২১ ওয়ানডের মধ্যে বাংলাদেশের জয় মাত্র তিন ম্যাচে, বাকি ১৮ ওয়ানডেতে জিতেছে প্রোটিয়ারা। তবুও বাংলাদেশের সামনে আছে আত্মবিশ্বাস জোগাড়ের সুযোগ। ২০২৩ সালে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এবার বিশ্বকাপে তাদের হারানোর সুযোগ আছে নিগার সুলতানা জ্যোতির দলের সামনে।
প্রোটিয়াদের হারাতে হলে বোলিংয়ের মতো ব্যাট হাতেও পারফর্ম করতে হবে বাংলাদেশি ব্যাটারদের। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ভেঙে পড়েছিল ব্যাটিং লাইনআপ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টায় থাকবে বাংলাদেশ। ব্যর্থতা কাটিয়ে ওঠার এই চেষ্টায় টপ অর্ডারে খেলা শারমিন আক্তার সুপ্তা, রাবেয়া হায়দার ঝিলিক ও নিগার সুলতানা জ্যোতিদের পারফর্ম করতে হবে। মিডল অর্ডারে সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তারদের।
অন্যদিকে প্রোটিয়া নারীরা আছেন দারুণ ছন্দে। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের দুটিতেই জয় পেয়েছে তারা। সবশেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে নিউজিল্যান্ডকে হারায় প্রোটিয়ারা। সেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে লউরা উলভার্টের দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

