বাংলাদেশ সফরের অনুমতি দেয়নি ভারত সরকার

বাংলাদেশ সফরের অনুমতি দেয়নি ভারত সরকার

আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। তবে যথাসময়ে এই ক্রিকেট সিরিজ না হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা ভারতের কেন্দ্রীয় সরকার এখনো ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বাংলাদেশ সফরের জন্য সবুজ সংকেত দেয়নি। দিল্লির একাধিক শীর্ষ পর্যায়ের সরকারি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিবিসি বাংলা।


রাজনৈতিক কারণে ভারতীয় ক্রিকেটারদের বাংলাদেশ সফরে আসার অনুমতি দিচ্ছে না দেশটির সরকার। কেননা বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখন শীতল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতে নেতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। এমন সময়ে ভারতের বাংলাদেশ সফর কোনো ইতিবাচক কিছু বয়ে আনবে না। বিবিসি বাংলাকে এমন কথাই জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র।


ক্রিকেট সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা ভারতীয় ক্রিকেট টিমের। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা দুদেশের। ১৭ আগস্ট মাঠে গড়ানোর কথা প্রথম ওয়ানডে। ৩১ আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে টি-টোয়েন্টি সিরিজ। ১ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেটারদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

আগামী আগস্টে বাংলাদেশ-ভারত সিরিজ না হলে চলতি বছরের শেষ দিকে আর আগামী বছরের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ ২০২৫ সালের সেপ্টেম্বরে হতে পারে এশিয়া কাপ, অক্টোবরে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের আসার কথা নভেম্বরে। বিপিএল হবে ডিসেম্বর-জানুয়ারিতে। আর ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন