ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা স্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশ অূনর্ধ্ব ১৯ দল। জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিক দল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে আজিজুল হাকিম তামিমের দল। শিরোপা নিয়ে ইতোমধ্যে দেশে ফিরেছে যুবারা।
ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বে প্রতি দলের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হয় বাংলাদেশ। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে শতভাগ জয় তুলে নেয় তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের মধ্যে মাত্র একটিতে পায় হারের তিক্ত স্বাদ। বাকি দুটি ম্যাচে জয়ের দেখা পায় বাংলাদেশ।
অর্থাৎ লিগ পর্বের ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে ফাইনালে পা রাখে দলটি। শিরোপার লড়াইয়ে ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে বাংলাদেশের সঙ্গে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত পেরে উঠেনি প্রোটিয়ারা।
তাদের ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ২৬৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ২৩৬ রানে থামে আফ্রিকান জায়ান্টরা।
ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রিজান হোসেন, আব্দুল্লাহ, তামিম, রিফাত বেগরা। সর্বোচ্চ ১৮৬ রান করেন অধিনায়ক তামিম। সমান ১৮১ রান আসে রিজান ও রিফাতের ব্যাট থেকে। এছাড়া আব্দুল্লাহ ১৫৯ আবরার ১৩৮ ও কালাম করেন ১৩৪।
বোলিংয়ে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন আল ফাহাদ। ঝুলিতে পুরেছেন ১৪ উইকেট। সিমিং অলরাউন্ডার রিজানের শিকার ১০ উইকেট। এছাড়া স্বাধীন, সামিউন বাশির, সানজিদ মজুমদার ও ইকবাল হোসেন ইমন নেন সাতটি করে উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

