শ্রীলঙ্কার মাটিতে কখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার এসেছে সেই সুযোগ। যদিও মেহেদি হাসান মিরাজদের ইতিহাস গড়ার পথে বাধা হতে পারে প্রকৃতি।
৩ ম্যাচ সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে মঙ্গলবার (৮ জুলাই) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেল্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায়। আসন্ন ম্যাচে বৃষ্টির শঙ্কা আছে। এমনটাই জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে এই ভেন্যুতে সবশেষ পাঁচটি ওয়ানডের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়। সবশেষ ম্যাচটি তো পরিত্যক্তই হয়েছে।
বৃষ্টির কারণে ম্যাচ বাতিল না হলে শেষ ওয়ানডেতে সুবিধা পাবে ব্যাটাররা। পাল্লেকেল্লে স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং বান্ধব হয়ে থাকে। হাই স্কোরির হওয়ার মতো এই ভেন্যুতে পেসারদের জন্যও থাকে বাড়তি সুবিধা।
তৃতীয় ওয়ানডেতে তানভীর ইসলামের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। তার দুর্দান্ত বোলিংয়েই দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে টিকে আছে সফরকারী দল। এছাড়া ম্যাচটিতে ব্যাট হাতে বাংলাদেশকে ভরসা দিয়েছেন পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিবরা। আগের দুজন ফিফটির দেখা পান। ফিফটি না করলেও শেষদিকে সাকিবের খেলা ২১ বলে ৩৩ ইনিংসে লড়াকু পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য ব্যাটিং ধসে ৭৭ রানে হেরে যায় বাংলাদেশ। সে ম্যাচে শ্রীলঙ্কার হয়ে ১০৬ রানের ইনিংস খেলেন জানিথ আসালঙ্কা। দ্বিতীয় ওয়ানডে ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়কের কাছে প্রত্যাশা থাকবে স্বাগতিকদের। এছাড়া কুশাল মেন্ডিস ও জানিথ লিয়ানাগের ব্যাটেও তাকিয়ে থাকবে লঙ্কানরা। দুজনই প্রথম দুই ওয়ানডেতে রানের দেখা পেয়েছেন। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মাঝেও দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে ফেরেন লিয়ানাগে। খেলেন ৭৮ রানের ইনিংস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

