সবশেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে পাত্তা পায়নি রিয়াল মাদ্রিদ। এবার সে ম্যাচের ভুলগুলো শুধরে স্প্যানিশ সুপার কাপের শিরোপায় চোখ দিয়েছেন লস ব্লাঙ্কোসদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
সুপার কাপের ফাইনালে আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশ সময় রাত একটায় সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার মুখোমুখি হবে রিয়াল।
আসন্ন ম্যাচটির আগে গত অক্টোবরে স্প্যানিশ লা লিগায় কাতালানদের কাছে হারের দুঃস্মৃতি মনে পড়ে গেছে আনচেলত্তির। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪-০ গোলে হারে স্বাগতিকরা।
সুপার কাপের ফাইনালে তেমন কিছুর পুনরাবৃত্তি করতে চান না আনচেলত্তি। তাই শিষ্যদের ভালো খেলার পরামর্শ দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড, ‘বার্সার সঙ্গে মৌসুমের প্রথম লিগ ম্যাচে আমরা কেমন খেলেছি সেটা ভাবা জরুরি। কারণ সে ম্যাচে আমরা হেরেছিলাম। আমরা সে ম্যাচের সবকিছু মূল্যায়ন করেছি।’
‘সুপার কাপের ফাইনালে আমাদের জন্য যেসব ভালো হয় সেসবের পুনরাবৃত্তি করতে হবে। একই সঙ্গে ভুলগুলো এড়িয়ে যেতে হবে। ক্লাসিকো সব সময়ই ক্লাসিকো। যদিও ফাইনাল কিছুটা বাড়তি চাপ সৃষ্টি করে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ