ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বিব্রতকর পরাজয় হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। আহমেদাবাদে ইনিংস ও ১৪০ রানে হেরেছে ক্যারিবীয়রা। সাড়ে তিনদিনে হারের ক্ষত নিয়েই দিল্লিতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে তারা। এই ম্যাচ জিতলেই সিরিজ ভারতের, ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ সমতায় শেষ করা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ভারত। সে রকমই ইঙ্গিত দিয়ে গেলেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। আরও একটা ব্যাপার পরিষ্কার করে দিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শুধু সিরিজ় জেতাই লক্ষ্য নয়, ভারত এই ম্যাচে তুলে আনতে চায় পেসার-অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকেও।
দিল্লিতে নীতিশকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুশখাতের ভাষ্য, ‘প্রথম একাদশে খুব সম্ভবত কোনও বদল হবে না। প্রথম টেস্টে যে দল খেলেছিল, সেই দলই খেলবে। আমাদের সামনে এখন লক্ষ্য হল এক জন সিম বোলিং অলরাউন্ডার তৈরি করা।’
প্রথম টেস্টে নিজেকে মেলে ধরার সে রকম সুযোগ পাননি নীতিশ। দ্বিতীয় টেস্টে সেই সুযোগ হাওয়ার আশায় রয়েছে ভারত। সেটা জানিয়ে দুশখাতে আরও বলেন, ‘বিদেশ সফরে গেলে এই পেস বোলিং অলরাউন্ডারের খুব প্রয়োজন পড়ে দলে। আগের টেস্টে আমরা নীতিশকে ভালভাবে দেখে নিতে পারিনি। তাই আবার ওকে সুযোগ দেওয়া হবে। নীতিশ খুব ভাল এক জন অলরাউন্ডার।’
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচে যথেষ্ট সাহায্য পাবেন ব্যাটাররা। প্রধানত ব্যাটিং সহায়ক উইকেট করা হয়েছে। দিল্লিতে কালো মাটির পিচে খেলা হওয়ায় এই ধারণা। পিচে অল্প ঘাস রয়েছে। ম্যাচ যত এগোতে থাকবে, তত পিচ শুকিয়ে যাবে। শেষের দু’দিন প্রধানত স্পিনাররা সহায়তা পাবেন। ২০২৩ সালে শেষ বার দিল্লিতে টেস্ট খেলা হয়েছিল। অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে হেরেছিল ৬ উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

