দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারল পাকিস্তান

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারল পাকিস্তান

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। এর আগে কুড়ি ওভারের প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরেছিল সালমান আলি আগার দল। টানা দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়ল ম্যান ইন গ্রিনরা।

বিজ্ঞাপন

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বৃষ্টির কারণে ম্যাচে দৈর্ঘ্য কমিয়ে ১৫ ওভারে নামিয়ে আনা হয়। কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করে ১৩৫ রান জড়ো করে পাকিস্তান। জবাবে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় মাইকেল ব্রেসওয়েলের দল। নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। দুজনে এনে দেন ৬৬ রান।

২২ বলে ৪৫ রান করে সেইফার্ট ফিরে গেলে এই জুটি ভাঙে। দলীয় ৮৭ রানে অ্যালেনের উইকেট হারায় নিউজিল্যান্ড। জাহানদাদ খানের শিকার হওয়ার আগে ১৬ বলে ৩৮ রান করেন এই ওপেনার। এরপর অল্প সময়ের মধ্যে মার্ক চ্যাপম্যান ও নিশামকেও হারায় স্বাগতিকরা। এই ধাক্কা অবশ্য কিউইদের জয়ের পথে বাধা হতে পারেনি। মার্ক হে ২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। শেষদিকে এসে ১৪ রানে আউট হন ড্যারেল মিচেল।

এর আগে টস হারা পাকিস্তানকে এই পুঁজি এনে দেন সালমান আলি আগা, সাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি। ২৮ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন সালমান। ১৪ বলে দুটি করে চার ও ছয়ের সাহায্যে ২৬ রান করেন সাদাব। শাহিনের ব্যাট থেকে আসে ২২ রান। এই পেসারও খেলেন ১৪ বল। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, জিমি নিশাম ও ইশ শোধি দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৩৫/৯ (১৫ ওভার); সালমান ৪৬, সাদাব ২৬; শোধি ২/১৭

নিউজিল্যান্ড: ১৩৭/৫ (১৩.১ ওভার); সেইফার্ট ৪৫, অ্যালেন ৩৮; রউফ ২/২০

ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন