আন্তর্জাতিক শুটিংয়ে কলির রেকর্ড ভেঙে চূড়ায় রাব্বি

আন্তর্জাতিক শুটিংয়ে কলির রেকর্ড ভেঙে চূড়ায় রাব্বি

চীনে চলমান বিশ্বকাপ শুটিংয়ে (১০ মিটার এয়ার রাইফেল) ইতিহাসের পাতায় নাম তুললেন রাব্বি হাসান মুন্না। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বোচ্চ ৬৩০.৩ স্কোর গড়েছেন এই শুটার। এতে নারী শুটার কামরুন নাহার কলির রেকর্ড ভেঙে এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এক নম্বর হলেন রাব্বি। তার এই দুর্দান্ত অর্জন শুধু একটি সাধারণ রেকর্ড গড়াই নয়, এটি বিশ্বমঞ্চে লাল-সবুজ পতাকাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক দীপ্ত ঘোষণাও। এর আগে ২০২২ সালের মিসরে বিশ্বচ্যাম্পিয়নশিপে ৬২৯.২ স্কোর গড়েছিলেন কলি। রাব্বিকে স্বাগত জানিয়ে কলি আমার দেশকে বলেন, ‘আমি রাব্বিকে শুভকামনা জানাই। সে আমার রেকর্ড ভেঙেছে। এজন্য আমি মন থেকে খুবই খুশি হয়েছি। কেননা, এ রকম বড় স্কোর গড়লে এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকলে বাংলাদেশের শুটিং উন্নতি করবে এবং অনেক এগিয়ে যাবে। আর আমি এটাই সব সময় চাই।’

রাব্বির এ সাফল্য একদিনে আসেনি। এর পেছনে রয়েছে বছরের পর বছর একনিষ্ঠ সাধনা ও অক্লান্ত পরিশ্রমের গল্প। ২০০৯ সালে শুটিংয়ে পথচলা শুরু তার। ২০১৩ সালে বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতে জাতীয় দলে জায়গা করে নেন তিনি। এর দুবছর পর ইরানে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে এবং ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে রৌপ্য পদক জিতেছেন তিনি। এছাড়া নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান (এসএ) গেমসে ব্রোঞ্জ পদকও পান এই শুটার। জাতীয় প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক মিলিয়ে ৬৩০-এর কাছাকাছি স্কোর গড়েন তিনি। অবশেষে এবার বিশ্বকাপ মঞ্চে রাব্বি নিজেকে ছাড়িয়ে গড়লেন নতুন রেকর্ড। আন্তর্জাতিক ইভেন্টে ৬৩০-এর ঘর পার করা যেকোনো শুটারের জন্যই এক বড় অর্জন এবং মানসিক প্রশান্তি। রাব্বি দেখিয়ে দিলেন, সঠিক নির্দেশনা আর সমর্থন পেলে বিশ্বমঞ্চে যেকোনো পরাশক্তিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম বাংলাদেশের শুটাররাও।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন