এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচ সামনে রেখে ব্রাজিলের কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দেওয়ার কথা বলেছিল বসুন্ধরা কিংস। কিন্তু কাতারের দোহায় দলের সঙ্গে যোগ দেননি ফারিয়াস। এই ব্রাজিলিয়ান ইরাকের ডুহক ক্লাবে যোগ দেন। ফলে দেশি কোচের অধীনে খেলে জয় পায় কিংস। ফারিয়াসকে না পেয়ে এবার আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকে নিয়োগ দিয়েছে কিংস। নতুন মৌসুমে কিংসের ডাগআউটে ৬৮ বছর এই কোচকেই দেখা যাবে। জানা যায়, এরই মধ্যে কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন গোমেজ। দায়িত্ব নিতে শিগগির ঢাকায় আসছেন এই আর্জেন্টাইন।
সবশেষ গত বছর ইন্দোনেশিয়ার পেশাদার ক্লাব বাহইয়াংকারা এফসির কোচ ছিলেন গোমেজ। ক্লাবটিকে অবনমন থেকে বাঁচাতে না পারায় বরখাস্ত হন তিনি। তার অধীনে ক্লাবটি মাত্র একটি ম্যাচ জিতেছিল। তবে ২০১৫ সালে মালয়েশিয়ায় ক্লাব জোহর তাজুল তাজিমকে এএফসি কাপের শিরোপা এনে দেন গোমেজ। সুপার লিগ ও এফএ কাপও জিতেছেন তিনি।
গোমেজ আর্জেন্টিনা, গ্রিস, ইকুয়েডর, হংকং, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন ক্লাবে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর্জেন্টিনার লানুস ক্লাবে হেক্টর কুপারের সহকারী হিসেবে কোচিং পেশায় যাত্রা শুরু হয় তার। এরপর ইউরোপে কুপারের সঙ্গে মায়োর্কা, ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানেও কাজ করেছেন গোমেজ। রোনালদো, ক্রেসপো, ভিয়েরি, জানেত্তির মতো ফুটবলারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এই কোচের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

