লিভারপুলের দাপটে শিরোপা জেতার আশা প্রায় শেষ হয়ে গেছে আর্সেনালের। এমন সমীকরণে ইপ্সউইচ টাউনের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল একরকম আনুষ্ঠানিকতার। সে ম্যাচে গোল উৎসব করেছে গানাররা। অবনমন অঞ্চলের দলটিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। আর্সেনালের এই জয়ে শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল লিভারপুলের।
ইপ্সউইচের কাছে আর্সেনাল হারলে, অন্যদিকে নিজেদের পরবর্তী ম্যাচে লিস্টার সিটিকে লিভারপুল হারালে রোববার (২০ এপ্রিল) রাতেই শিরোপা নিশ্চিত হতো তাদের। তবে আর্সেনাল জেতায় ৩৪তম রাউন্ডের অপেক্ষায় থাকতে হলো মার্সিসাইডের ক্লাবটিকে।
৩৩ ম্যাচ শেষে টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের সংগ্রহ ৬৬ পয়েন্ট। তাদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলেছে আর্নে স্লটের দল। ৫৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে নিউক্যাসল ইউনাইটেড।
পোর্টম্যান রোডে দুই অর্ধে সমান দুটি করে গোল করেন আর্সেনাল। লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ১৪ মিনিটে এগিয়ে যায় সফরকারী দল। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ৬৯ মিনিটে ফের জালের দেখা পান ট্রোসার্ড। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে শেষ গোলটি করেন ইথান নানেরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

