তিন বিদেশিকে উড়িয়ে এনে খেলানোর পরও জিততে পারেনি রংপুর রাইডার্স। তাতে রংপুরকে নিয়ে হচ্ছে বেশ আলোচনা-সমালোচনা। একাদশে মাত্র ৪ বিদেশি খেলানোর সুযোগ থাকায় খেলার মোড় ঘোরানোর নায়ক যে দেশি ক্রিকেটারই হতে পারেন, সেটা বলার অপেক্ষা রাখে না। সেই দেশিরা ঠিকঠাক পারফর্ম করতে না পারায় দল জিততে পারেনি সেটাই মনে করেন রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। পাশাপাশি এমন করে হুটহাট বিদেশি ক্রিকেটারদের উড়িয়ে এনে খেলানোটা সঠিক নয় সেটাও তার বিশ্বাস।
গতকাল খুলনা টাইগার্সের কাছে ৯ উইকেটে হারের পর রংপুরের হয়ে সংবাদ সম্মেলনে আসেন মোহাম্মদ আশরাফুল। সেখানেই দলের হারের কারণ ব্যাখ্যা করেন। টানা ৮ জয়ে প্লে-অফ নিশ্চিতের পর টানা ৫ হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেন। ঠিক কী কারণে এমনটা হলো, সে ব্যাখ্যায় আশরাফুল বলেন, ‘আপনি যখন একবার মোমেন্টাম হারাবেন, তখন ফিরে পাওয়া কঠিন। যেহেতু এটা খুব অল্প ওভারের খেলা, ১২০ বলের খেলা।’ এরচেয়ে বেশি তিন বিভাগের কোনো জায়গায় সেরাটা দিতে না পারার ব্যর্থতায় জানান, ‘২৩ জানুয়ারি থেকে শুরু করে তিনটি ডিপার্টমেন্ট প্রতি ম্যাচে ফেল করেছি।’
দলের এমন ব্যর্থতার জন্য দায় যে দেশিদের সেটা বলতেও ভুল করেননি আশরাফুল। তার কথায়, ‘লোকাল প্লেয়াররা শুরুতে যেভাবে খেলেছিল, শেষ পাঁচটি ম্যাচে ওইভাবে ভালো খেলতে পারেনি।’ ভালো খেলতে না পারার পাশাপাশি গতকাল খুলনার বিপক্ষে ম্যাচে দ্রুত উইকেট হারানোর পরও আগ্রাসী খেলা উচিত ছিল বলে মনে করেন, ‘অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পারত, কারণ পাওয়ার প্লেতে পরপর তিন ওভার স্পিন বল করেছে। ওই জায়গায় আরেকটু অ্যাগ্রেসিভ খেলতে পারতাম।’ এর জন্য অবশ্য দেশি ক্রিকেটারদের ওপরই দায় চাপান আশরাফুল। তিনি বলেন, ‘আমাদের প্লেয়ারদের আরও একটু বিগহার্ট নিয়ে খেলা উচিত ছিল। যেহেতু বিগ গেম, ফার্স্ট ওভারে একটা আউট হতেই পারে।’
সরাসরি স্বীকার না করলেও তার কথায় স্পষ্ট দেশিদের অফ ফর্মের কারণেই মূলত বিদেশিদের উড়িয়ে এনেছে রংপুর রাইডার্স। কিন্তু এভাবে হুট করে বিদেশিদের উড়িয়ে এনে খেলালে সাফল্য ধরা দেবে না, সেটা স্পষ্টই জানান আশরাফুল। তার কথায়, ‘ইংল্যান্ডে যা হয়, লিগে তিনটি ম্যাচ খেলে তারপর নকআউটে খেলা যায়। বিপিএলে কিন্তু ওইরকম নিয়ম নেই। খেলার দিন সকালে এলেও খেলতে পারে। এটা তো অবশ্যই আইডিয়াল না। দেখেন লাস্ট ইয়ার রংপুরের সেম জিনিসটাই হয়েছিল, শেষ বছর কিন্তু দুই ম্যাচ পরপর বিদেশি খেলোয়াড় পরিবর্তন করেছে। অন্তত দু-তিন দিন দলের সঙ্গে না থাকলে তো সতীর্থদের চেনাও কঠিন হয়ে যায়।’
সব মিলিয়ে রংপুরের হারের জন্য দিনশেষে ভালো খেলতে না পারার সঙ্গে মোমেন্টাম হারানোকেই দায় দিয়েছেন আশরাফুল। ফের শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই শেষ হলো দলটির এবারের বিপিএল মিশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

