আন্তর্জাতিক ক্রিকেটে চার বছরেরও বেশি সময় পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর স্বাদ পেল পাকিস্তান। হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতকে ৪ উইকেটে উড়িয়ে দিয়ে অবশেষে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এলো পাকিস্তান দল।
মং ককের মিশন রোড গ্রাউন্ডে গ্রুপ ‘সি’-এর ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ৮৯ রানের লক্ষ্য দেয় ভারত। তবে জবাব দিতে নেমে পাকিস্তানের ব্যাটারদের তাণ্ডবে খেসারত দিতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারত নির্ধারিত ওভারে পাকিস্তানকে ৮৯ রানের লক্ষ্য দেয়। তবে ভারতের ব্যাটিং ইনিংসের চেয়েও বেশি আলোচনার খোরাক জুগিয়েছে তাদের বোলিং ইনিংস, যা পাকিস্তানের জয়ের পথ সহজ করে দেয়। বিশেষ করে ক্রুনাল পান্ডিয়ার করা একটি মাত্র ওভার ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ওই ওভার থেকেই পাকিস্তানের ব্যাটাররা তুলে নেন ৩১ রান! ক্রুনালের পর বোলিংয়ে এসে টি নটরাজনও ছিলেন সমানভাবে খরুচে, তিনি নিজের ওভারে খরচ করেন ২৮ রান। ভারতের হয়ে শশাঙ্ক সিং ও রাহুল তেওয়াতিয়া একটি করে উইকেট শিকার করলেও তা পাকিস্তানের জয় থামানোর জন্য যথেষ্ট ছিল না।
৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার খাজা নাফে ও অধিনায়ক আব্বাস আফ্রিদি শুরু থেকেই চার-ছক্কার বৃষ্টি নামান। মাত্র ১৩ বলের মধ্যেই এই জুটি স্কোরবোর্ডে ৫৯ রান জমা করে। ওপেনার খাজা নাফে মাত্র ১২ বলেই ৪১ রানের একটি দুর্দান্ত টর্নেডো ইনিংস খেলেন। অন্যদিকে, অধিনায়ক আব্বাস আফ্রিদি মাত্র ৮ বলে করেন ৩৫ রানের এক বিধ্বংসী ইনিংস। ফলে ১৩ বল বাকি থাকতেই ৪ উইকেটের সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান।
দিনের শুরুটা পাকিস্তানের জন্য খুব একটা ভালো ছিল না; সংযুক্ত আরব আমিরাতের কাছে ১ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। তবে ভারতের বিপক্ষে এই বড় জয়ে টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল পাকিস্তান।
বিপরীতে, পাকিস্তানের কাছে এই বড় ব্যবধানে হেরে যাওয়ায় ভারতের নকআউট পর্বের পথ বেশ কঠিন হয়ে দাঁড়াল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতকে এখন আরব আমিরাতের বিপক্ষে কেবল জয় পেলেই চলবে না, রান রেটের দিকেও কড়া নজর রাখতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

