ম্যাচের আধা ঘণ্টার মধ্যেই পিছিয়ে পড়েছিল। তবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। গত শুক্রবার রাতে তারা ৩-১ গোলে হারিয়েছে অগসবার্গকে। দুর্বার এ জয়ে বুন্দেসলিগা শিরোপা পুনরুদ্ধারের পথে আরো এগিয়ে গেল বায়ার্ন। দারুণ এ জয়ের সুবাদে বায়ার লেভারকুসেন থেকে পরিষ্কার ৯ পয়েন্টে এগিয়ে গেল বাভারিয়ানরা। তবে দলের দারুণ এ জয়টা ছাপিয়ে গেছে জামাল মুসিয়ালার ইনজুরির খবর। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের দিন কয়েক আগে তার চোটে পড়া দলের জন্য বড় এক ধাক্কাই।
লড়াই ডব্লিউডব্লিউকে অ্যারেনায় হলেও ফেভারিট ছিল বায়ার্ন মিউনিখই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচে ৩০ মিনিটের মাথায় এগিয়ে যায় স্বাগতিক অগসবার্গ। ফ্রি কিক থেকে দিমিত্রিস জিয়াননুলিসের গোলে পিছিয়েই পড়েছিল বায়ার্ন। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি অতিথিদের। ১২ মিনিট বাদেই বায়ার্নকে সমতাসূচক গোল উপহার দেন জামাল মুসিয়ালা। ২২ বছরের এ মিডফিল্ডার দ্রুতবেগে ঘুরেই বলের নিয়ন্ত্রণ নিয়ে নেন। সঙ্গে সঙ্গে কাঁপিয়ে দেন প্রতিপক্ষের জাল।
লড়াইয়ের ৫৯ মিনিটে জেসিঙ্গার কেইনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় অগসবার্গ। পরে আর খেলায় ফিরতে পারেনি। উল্টো খেয়েছে আরো দুই গোল। ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হতেই হেডে জালের দেখা পেয়ে যান হ্যারি কেইন। চলতি মৌসুমে তারকা এ ইংলিশ স্ট্রাইকারের এটি ২৩তম লিগ গোল। আর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বায়ার্নের জয়ের ব্যবধান বেড়ে যায় ক্রিসলেইন মাতসিমার আত্মঘাতী গোলে। লেরয় স্যানের গোল প্রচেষ্টা রুখতে গিয়ে ভুলে নিজেদের জালেই জড়িয়ে ফেলেন অগসবার্গের এ ফুটবলার।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে বায়ার্ন মাঠে নামবে মঙ্গলবার রাতে। নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় আতিথ্য দেবে তারা ইন্টার মিলানকে। ফিরতি লেগ খেলতে যাবে তারা ইতালি সফরে। এ ম্যাচের আগে খেলতে পারবেন না মুসিয়ালা। খবরটি নিশ্চিত করেছেন জার্মান জায়ান্টটির স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল। সন্দেহ নেই এ খবরে চিন্তার ভাঁজ পড়েছে কোচ ভিনসেন্ট কোম্পানির কপালে। ২৮ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বায়ার্ন। ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

