ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৪২ রানের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দেওয়াল্ড ব্রেভিসের ব্যাটিং ঝড়ে দারুণভাবেই ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। তারা ম্যাচটি শেষ করেছে ৫ উইকেটের সহজ জয়ে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানেই রিচার্ড নাগারাভার বলে আউট হন লুয়ান ড্রে প্রিটোরিয়াস। রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। দলীয় ১৭ রানে বিদায় নেন রেজা হেনরিকস। ১১ রান করা এই ওপেনারকেও ফেরান নাগারাভা। ষষ্ঠ ওভারে রসি ভ্যান ডার ডুসেন ফিরে গেলে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় রান তখন ৩৮। ব্যক্তিগত ১৬ রানে ট্রেভর গান্ডুর বলে রায়ান বার্লের হাতে ধরা পড়েন প্রোটিয়াদের অধিনায়ক।
ম্যাচে জিম্বাবুয়ের সুখস্মৃতি বলতে ওই এতোটুকুই। এরপর স্বাগতিক বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন ব্রেভিস। চতুর্থ উইকেটে রুবিন হারমানকে নিয়ে গড়েন ৭২ রানের জুটি। চতুর্থ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরার আগে ১৭ বলে করেন ৪১ রান। ব্রেভিসের ইনিংসে একটি চারের বিপরীতে ছয়ের মার ছিল পাঁচটি। জয়ের খুব কাছে গিয়ে আউট হন হারমান। ৩৭ বলে ৪৫ রান করেন তিনি। ১৫ বলে ২৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন করবিন বশ। ৩৫ রানে ৩ উইকেট নেন নাগারাভা।
এর আগে সিকান্দার রাজা ও বার্লের ব্যাটে স্কোরবোর্ডে ১৪১ রান তোলে জিম্বাবুয়ে। ৩৮ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন দলপতি রাজা। ২৯ রান এনে দেন বার্ল। ২০ বল খেলেন এই মারকুটে ব্যাটার। এছাড়া ৩০ রান করতে ২৮ বল খেলেন ব্রায়ান বেনেট। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে বেশি আলো ছড়ান জর্জ লিন্ডে। মাত্র ১০ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১৪১/৬ (২০ ওভার); রাজা ৫৪, বার্ল ২৯; লিন্ডে ৩/১০
দক্ষিণ আফ্রিকা: ১৪২/৫ (১৫.৫ ওভার); হারমান ৪৫, ব্রেভিস ৪১; নাগারাভা ৩/৩৫
ফল: দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: দেওয়াল্ড ব্রেভিস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

