আমিরাত বোর্ডকে বাড়তি ম্যাচ আয়োজনের প্রস্তাব বিসিবির

আমিরাত বোর্ডকে বাড়তি ম্যাচ আয়োজনের প্রস্তাব বিসিবির

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আজ এই সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। তবে এটাই কী সিরিজের শেষ ম্যাচ হতে যাচ্ছে নাকি ম্যাচ সংখ্যা আরো একটি বাড়বে? এই নিয়ে জেগেছে নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে বিসিবি ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে জানানো হয়েছে, বিসিবি থেকে ম্যাচ সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মূলত পাকিস্তান সফরের আগে বাড়তি ভ্রমণ এড়াতে এমন পরিকল্পনা করেছে বিসিবি।

আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ইতোমধ্যে ম্যাচ সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেয় বিসিবি। এ নিয়ে ক্রিকেট অপারেশনস বিভাগে কর্মকর্তা শাহরিয়ার নাফিস বলেন, ‘বিসিবির পক্ষ থেকে একটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে থাকা বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি দেখছেন।’

বিজ্ঞাপন

কেন বাড়তি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে সেই ব্যাখ্যায় শাহরিয়ার নাফিস বলেন, ‘পাকিস্তান সফরের আগে খেলোয়াড়দের ভ্রমণ ক্লান্তি কমাতে ও প্রস্তুতির জন্য একদিন বেশি সময় পাওয়া গেলে সেটা দলের উপকার হবে। যদি আমিরাত ক্রিকেট বোর্ড বাড়তি ম্যাচে সম্মতি দেয় এবং খেলোয়াড়রাও পাকিস্তান সফরে যেতে রাজি হয়, তাহলে দুবাই থেকেই আমরা পাকিস্তানে যাব।’ শেষ পর্যন্ত বাড়তি ম্যাচ হবে কি না সেটা নির্ভর করছে পাকিস্তান সফরে হবে কি না তার ওপর। ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠক করে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত জেনে নিবেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। সেখানে সবুজ সংকেত পেলে ও ইসিবি রাজি হলে সিরিজে ম্যাচ সংখ্যা বাড়ানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন