ঘরের মাঠে ড্রয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে হংকংকের কাছে ৪-৩ গোলে হারল বাংলাদেশ। এ হারের হতাশা নিয়ে ফিরতি ম্যাচ খেলতে গতকাল হংকংয়ের উদ্দেশে রওনা হন হামজা, জামাল, শমিতরা। ১৪ অক্টোবর স্বাগতিক হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। এ কঠিন চ্যালেঞ্জের ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া দাবি জানিয়ে রাখলেন, প্রথম একাদশে শমিত সোম, ফাহামিদুল ও জায়ান আহমেদের সঙ্গে নিজেও সুযোগ চান।
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হৃদয় ভাঙা গল্পের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে, সঠিক একাদশ নির্বাচন করতে পারেননি কোচ হাভিয়ের কাবরেরা। শুরুর একাদশে জামাল, শমিত, ফাহামিদুল ও জায়ানকে রাখেননি এই স্প্যানিশ কোচ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে খেলার গতি বদলে দেন তারা। শেষ মুহূর্তে গোলটি হজম না করলে ৩-৩ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। এই চারজনকে প্রথম একাদশে না রাখায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন কোচ কাবরেরা। এবার কোচের ওপর চাপ বাড়িয়ে দিলেন অধিনায়ক জামালও। তিনি বলেন, ‘আমি, শমিত, ফাহামিদুল, জায়ান যখন একসঙ্গে ওয়ার্মআপ শুরু করেছি, তখন ওদের বলেছি আমরা যখন নামব, তখন ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চারজনের ইমপ্যাক্ট ভালো ছিল। চারজনই শুরুর একাদশে খেলতে চাই। আমি তো সব ম্যাচ খেলতে চাই, কিন্তু দিনশেষে কারা খেলবে, এটা কোচের সিদ্ধান্ত।’
এশিয়ান কাপের মূল পর্বে খেলা সমীকরণ অনেক কঠিন করে ফেলেছে বাংলাদেশ। তবে হাল ছাড়তে চান না জামাল, ‘এই দলের একটা ইতিহাস আছেÑআমরা শেষ মুহূর্তে গোল হজম করি। এই ম্যাচের আগে আমরা আলাপ করেছি, আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছি, আমরা যদি জিততে চাই বা পয়েন্ট নিতে চাই, আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে, কিন্তু আমরা পারিনি। আমাদের হাতে তিন ম্যাচ আছে। তিনটি ম্যাচই জিততে হবে। এক পয়েন্ট হারালেই আমাদের বিদায়। আর জেতা সম্ভব হবে না কেন?’
বাছাই পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশের অর্জন এক পয়েন্ট। সামনের তিন ম্যাচে হংকং, সিঙ্গাপুর ও ভারতকে হারাতে পারলে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠার লড়াইয়ে টিকে থাকবে বাংলাদেশ। তবে কোনো ম্যাচে পা হড়কালেই স্বপ্ন শেষ। এখনো আশাবাদী জামাল বললেন, ‘ঘরের মাঠে ৩ পয়েন্ট পেতে চেয়েছিলাম আমরা। কিন্তু পারিনি। ইনশাআল্লাহ, এবার আমরা কিছু দিতে পারব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

