বেশ ঘটা করে ঘরোয়া মৌসুম শুরুর আগে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিয়েছে বিসিবি। নতুন নিয়মে ৬ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড় শেষ করতে হবেÑএমন ঘোষণা ছিল বিসিবির পক্ষ থেকে। এমনকি জানিয়ে দেওয়া হয় ফিটনেস টেস্টে পাস করতে না পারলে ঘরোয়া ক্রিকেটে খেলার ছাড়পত্র পাবেন না ক্রিকেটাররা। তবে ফিটনেস টেস্টের পর বিসিবির কথায় উল্টো সুর। জানা গেছে, ফিটনেস টেস্টে পাস না করার ক্রিকেটাররাও বিবেচিত হচ্ছেন এনসিএল টি-টোয়েন্টিতে খেলার জন্য। এমনকি প্রথম শ্রেণির টুর্নামেন্টেও তাদের খেলার ছাড়পত্র দেওয়া হচ্ছে।
ঘরোয়া মৌসুম শুরুর আগের গত ৪ ও ৫ সেপ্টেম্বর জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ফিটনেস টেস্ট দেন ঘরোয়া লিগে নিয়মিত খেলা ক্রিকেটাররা। সেখানে ঘরোয়া ক্রিকেটের বেশির ভাগ পরিচিত মুখই ফিটনেস টেস্টে পাস করেছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দৌড় শেষ করতে না পেরে ফেল করেন সোহাগ গাজী, নাঈম ইসলাম, জিয়াউর রহমান ও নাবিল সামাদের মতো ঘরোয়া লিগের পরীক্ষিত মুখরা। তবে তাদের ছাড়া এনসিএল টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করা হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
আমার দেশকে তিনি জানান, ফিটনেস টেস্ট ক্রিকেটারদের যাচাইয়ের জন্য একমাত্র উপায় নয়, অনেকগুলো উপায়ের মধ্যে একটি। তিনি আরো জানান, শুধু ফিটনেস টেস্টের ফলাফলের বিষয়টি মাথায় নিয়ে দলগুলো সাজানো হচ্ছে না। যারা ফিটনেস টেস্টে পাস করতে পারেননি- তাদের পুরো টুর্নামেন্ট খেলতে না দিয়ে গুটি কয়েক ম্যাচ খেলতে দেওয়ার পক্ষপাতী তিনি। তার কথায়, ফিটনেস টেস্টে যারা বাজেভাবে ফেল করেছে তাদের ছাড়া বাকিদের এনসিএলে খেলানোর জন্য বিবেচনা করা হচ্ছে। এখানে কত মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড় শেষ করাকে ‘বাজেভাবে’ ফেল হিসেবে বিবেচনা করা হচ্ছেÑসে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি গাজী আশরাফ হোসেন লিপু।
ফিটনেস টেস্টে ফেল করা ক্রিকেটারদের কেন বিবেচনা করা হচ্ছে? সেই প্রশ্নের জবাবে গাজী আশরাফ হোসেন লিপু আমার দেশকে জানান, এতগুলো ক্রিকেটারকে বাদ দিলে স্কোয়াড গঠন করাই কঠিন হয়ে পড়বে। স্কোয়াড গঠনের স্বার্থেই তাদের বিবেচনা নেওয়া হচ্ছে। তিনি জানান, ফিটনেস টেস্টে যেসব ক্রিকেটার পাস করতে পারেননি তাদের গুটি কয়েক ম্যাচ খেলতে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। প্রথম শ্রেণির টুর্নামেন্টের আগে তাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

