বিগত সময়ে ব্যর্থতার বৃত্তেই বন্দি ছিলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। একের পর এক ম্যাচে ব্যর্থতার পর এবার জ্বলে উঠলেন এই তারকা ব্যাটার। মেজর লিগে ক্রিকেটে (এমএলএস) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের ব্যাট হাতে ঝড় তুললেন অজি তরুণ। ৩৮ বলে খেললেন ৮৮ রানের ঝড়ো ইনিংস।
লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ৮৮ রানের ইনিংস খেলার পথে দুটি চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকিয়েছেন ম্যাকগার্ক। ৭৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা। আগের ৭ টি-টোয়েন্টি ইনিংসে ৬১ রান করা ম্যাকগার্ক এই ইনিংস দিয়ে যেন ফর্ম খুঁজে পেলেন।
ওকল্যান্ডে বাংলাদেশ সময় রোববার ভোরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে স্যান ফ্রান্সিসকো। আগের ম্যাচে ১৯ ছক্কার বিশ্ব রেকর্ডে ৫১ বলে ১৫১ রানের ইনিংস উপহার দেওয়া ফিন অ্যালেন আবার দলকে এনে দেন উড়ন্ত শুরু।
আরেক ওপেনার টিম সাইফার্ট দ্বিতীয় ওভারেই বিদায় নিলে শুরু হয় অ্যালেন ও ফ্রেজার-ম্যাকগার্কের তাণ্ডব। দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ১২১ রানের জুটি গড়েন দুজন। অ্যালেনের ব্যাট থেকে আসে ২৭ বলে ৫২। ম্যাকগার্কের বিদায়ের পর অবশ্য বেশি রান তুলতে পারেনি দল। ২০ ওভারে সংগ্রহ দাঁড়ায় ২১৯।
রান তাড়ায় নেমে লস অ্যাঞ্জেলস ১৮৭ করতে পারে। তাদের হয়ে ৩২ বলে ৫৩ রান করেন উন্মুক্ত চাঁদ, ৩১ বলে ৪১ ট্রম্প। অধিনায়ক নারাইন শেষ দিকে করেন ১৩ বলে ২৭। তাতে ৩২ রানের জয় পায় তার দল।
সান ফ্রান্সিসকোর অস্ট্রেলিয়ান পেসার জেভিয়ার বার্টলেট ও পাকিস্তানি পেসার হারিস রউফ উইকেট শিকার করেন চারটি করে।
সংক্ষিপ্ত স্কোর
সান ফ্রান্সিসকো ইউনিকর্নস: ২১৯/৮ (২০ ওভার)
লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স: ১৮৭/১০ (১৯.৫ ওভার)
ফল: সান ফ্রান্সিসকো ৩২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


