শিরোপার আশা জিইয়ে রাখল রিয়াল

শিরোপার আশা জিইয়ে রাখল রিয়াল

রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে যেমন খেলল, সেটা কোনোভাবেই তাদের সঙ্গে যায় না। নিজেদের মাঠে একেবারেই নিষ্ক্রিয় হয়ে ছিল কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু বিরতির পর সেই রিয়ালই ফেরে খেলায়। আক্রমণের পর আক্রমণ রচনা করে প্রতিপক্ষ অ্যাতলেটিক বিলবাওকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ল স্প্যানিশ এ জায়ান্ট ক্লাবটি।

বিজ্ঞাপন

তারপরও যেন কিছুতেই গোলের দেখা মিলছিল না। অনাকাঙ্ক্ষিত ড্র’র দিকেই এগিয়ে যাচ্ছিল লড়াই। তবে বাস্তবে তেমনটা হয়নি। শেষদিকে ত্রাতা হয়ে আবির্ভূত হয়ে স্প্যানিশ লিগের ম্যাচটির চিত্রনাট্য পাল্টে ফেলেন ফেডেরিকো ভালভার্দে। তার করা গোলের সুবাদেই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে ১-০ গোলে জিতে লিগের পয়েন্ট তালিকায় রাজত্ব করতে থাকা বার্সেলোনা থেকে পয়েন্ট ব্যবধান কমিয়ে চারে নিয়ে এসেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর প্রথমবার মাঠে নেমেই জয়ে ফিরল লস ব্লাঙ্কোসরা। তাতে লা লিগা শিরোপা জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রইল কিস অব ইউরোপ।

ঠিক তার আগের দিন প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেছে বার্সেলোনা। নস্যাৎ করে দিয়েছে সেলতা ভিগোর সব প্রচেষ্টা। কাতালান জায়ান্ট ক্লাবটি ছিনিয়ে নিয়েছে দুর্বার এক জয়। শেষ মুহূর্তের গোলে অবিশ্বাস্যভাবে জিতেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ঘুরে দাঁড়ানোর গল্প লিখেই রিয়ালকে খোঁচা দিয়েছিল বার্সা। কারণ, চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে প্রত্যাবর্তনের রূপকথার গল্প লেখার প্রতিশ্রুতি দিয়েও পারেনি রিয়াল। কামব্যাকের এ ম্যাচ জিতেই চিরশত্রু বার্সাকে পাল্টা জবাব দিয়ে দিল ভিনিসিয়ুস জুনিয়র-জুড বেলিংহ্যামরা।

ইনজুরি টাইমের গোলে এ জয়ের পর ৩২ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৯ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ খেলে বার্সার পুঁজি ৭৩ পয়েন্ট। দুদলের সামনেই এখন ৬টি করে ম্যাচ বাকি। আগামী ১১ মে লা লিগায় শ্বাসরুদ্ধকর হাইভোল্টেজ ম্যাচে রিয়ালকে মোকাবিলা করবে বার্সা। মহারণের এই এল ক্লাসিকোতেই লা লিগার শিরোপার ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে!

চলতি মৌসুমে লিগের প্রথম দেখায় রিয়ালকে ধরাশায়ী করেছিল বিলবাও। এ নিয়ে অস্বস্তি ছিল রিয়াল শিবিরে। ম্যাচের শেষ মুহূর্তে সেই অস্বস্তি কিলিয়ান এমবাপ্পেবিহীন রিয়াল দূর করেছে সৌভাগ্যের ছোঁয়ায়। নিয়েছে মধুর প্রতিশোধ। যোগ করা সময়ের তিন মিনিটে বক্সের মধ্য থেকে আচমকা চোখ ধাঁধানো এক ভলিতে বিলবাওয়ের জাল কাঁপান ভালভার্দে। উরুগুয়ের তারকা এ মিডফিল্ডারের গোলেই উচ্ছ্বাসের রেণু ছড়িয়ে পড়ে রিয়াল ডাগআউটে।

ভালভার্দের যেন অস্বাভাবিক গোল করতেই বেশি ভালো লাগে। তার সিংহভাগ গোলই চোখধাঁধানো, বিস্ময়কর। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেন, ‘অনুশীলনেও ভালভার্দের এমন বিধ্বংসী রূপ দেখা যায় প্রায়ই, ‘ফেদের এরকম অস্বাভাবিক শট নেওয়ার ক্ষমতা আছে, খুবই ভালো তা। গতকাল অনুশীলনে সে এরকম একটি শট নেয়, যা মনে হচ্ছিল বাইরে চলে যাচ্ছে; কিন্তু আচমকা ঘুরে এটা ভেতরে ঢুকে যায়। আমি বললাম, এটা কীভাবে করলে? খুবই তীক্ষ্ণ, গতিময় ও শক্তিশালী শট।’

অবিশ্বাস্য ভলি কিংবা দূরে থেকে হুটহাট শটে গোল করাই যেন ভালভার্দের নেশা। গত কয়েক বছরে অসাধারণ কিছু গোল উপহার দিয়েছেন তারকা এ প্লে-মেকার। এ জন্য সতীর্থরা মাঝেমধ্যেই ভালভার্দের কাছে মজার ছলে আরজি জানিয়ে রাখেন, ‘একটা স্বাভাবিক গোল তো অন্তত করো!’

একনজরে ফল

রিয়াল মাদ্রিদ ১-০ অ্যাতলেটিক বিলবাও

পয়েন্ট তালিকা

ক্লাব ম্যাচ পয়েন্ট

বার্সেলোনা ৩২ ৭৩

রিয়াল মাদ্রিদ ৩২ ৬৯

অ্যাতলেটিকো মাদ্রিদ ৩২ ৬৩

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন