এত দিন ধরে বাবা কার্লো আনচেলত্তির সহকারী কোচ হিসেবেই দেখা গিয়েছিল তাকে। এবার বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে ব্রাজিল ফুটবল ক্লাব বোতাফোগোর প্রধান কোচের দায়িত্ব নিলেন ডেভিড আনচেলত্তি। বাবার হাতেই তার কোচিংয়ের হাতেখড়ি। খেলোয়াড় হিসেবে তেমন একটা সুবিধা করতে না পারায় বাবার মতো কোচিং পেশায় নেমে পড়েন ডেভিডও।
২০০৯ সালে কোচিংয়ের সঙ্গে জড়ান তিনি। ক্রীড়াবিজ্ঞানে অর্জন করেন ডিগ্রি। এরপর ২০১৩ সালে পিএসজিতে বাবার সহকারী কোচ বনে যান। এরপর আর পেছনে তাকাতে হয়নি। বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন, রিয়াল মাদ্রিদ হয়ে সর্বশেষ ব্রাজিল জাতীয় দলে বাবার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন ডেভিড।
এবার বাবার মতো প্রধান কোচ হওয়ার স্বপ্নও পূরণ হয়ে গেল তার। বাবার সঙ্গে ব্রাজিলেই থিতু হলেন ডেভিড। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো জানায়, গত রোববার ক্লাব বোতোফোগো ও ডেভিডের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। শিগগির দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ৩৫ বছর বয়সি ডেভিড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

