বর্তমান সময়ে টেনিসের ফাইনাল মানেই কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। আরেকবার দেখা গেল সময়ের সেরা দুই তারকার রুদ্ধশ্বাস লড়াই। তাতে শেষে গিয়ে ধরা খেলেন আলকারাজ। সরাসরি সেটে জিতে এটিপি ফাইনালস শিরোপা বাগিয়ে নিলেন সিনার।
ইতালির তুরিনে রোববার রাতে এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকার ফাইনালে সিনারের জয় ৭-৬ (৭-৪) ও ৭-৫ গেমে। পুরো আসরে অপরাজিত থেকেই এটিপি ফাইনালসে নিজের শিরোপা ধরে রাখলেন ২৪ বছর বয়সী এই ইতালিয়ান তারকা। হার্ড কোর্টে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইলেন সিনার।
স্প্যানিশ তারকার বিরুদ্ধে এ নিয়ে ছয়বার শিরোপার মঞ্চে মুখোমুখি হলেন ইতালিয়ান সিনার। জিতলেন দুবার। বাকি ৪ ম্যাচে আলকারাজ। সব মিলিয়ে দুজন মুখোমুখি লড়াইয়ে টেনিস ব্যাটে ঝড় তুলেছেন ১৬ ম্যাচে। তাতে অবশ্য এগিয়ে আলকারাজ। তার জয় ৮ ম্যাচে। সিনারের এটি ষষ্ঠ জয়।
২০২৫ সালটাও আলকারাজ-সিনারময়। দুজন মিলে জিতেছেন মোট ১৪টি শিরোপা। বছরের চারটি গ্র্যান্ড স্লামও নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন। অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন সিনার। আলকারাজের হাতে উঠেছে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের ট্রফি।
চলতি বছর সব মিলিয়ে ৬টি শিরোপা জিতেছেন সিনার। যা তার ক্যারিয়ারে এক বছরে দ্বিতীয় সেরা। ২০২৫ সালে খেলা ১২টি টুর্নামেন্টের মধ্যে ১০টিতেই ফাইনালে উঠেছেন তিনি। অথচ ডোপিংয়ের দায়ে বছরের শুরু তিন মাস নিষিদ্ধ ছিলেন! প্রত্যাবর্তনটা হলো দুর্দান্ত। এবার দেখা পালা, নতুন বছরে কতটা সাফল্যমণ্ডিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

