জাতীয় ক্রিকেট লিগ

রেকর্ড অষ্টম শিরোপা জয় খুলনার

রেকর্ড অষ্টম শিরোপা জয় খুলনার

জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে শেষদিন জয়ের জন্য ২০১ রান দরকার ছিল খুলনার। মাত্র ১ উইকেট হারিয়ে ৪০.১ ওভারেই সেটা পেরিয়ে যায় খুলনা।

বিজ্ঞাপন

এবারের লিগে ৭ ম্যাচের ৪টিতে জিতে ৩৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। ট্রফি জিতে সবচেয়ে জাতীয় ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরবটাও নিজেদের করে নেয় খুলনা। এতদিন এই রেকর্ডটা ঢাকা এবং খুলনার যৌথভাবে ছিল।

শেষ দিন খুলনার প্রতিপক্ষ রংপুর দিন শুরু করে ৯ উইকেটে ১৮৪ রান নিয়ে। উইকেটে রংপুরের একমাত্র ভরসা ছিল এই মৌসুমের শীর্ষ রান সংগ্রাহক মিম মোসাদ্দেক। তবে তাকে দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরান সফর আলী।

২০১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় এবং আজিজুল হাকিম তামিম। ৩৮ বলে ফিফটি পাওয়া এনামুল আজিজুল হাকিমকে নিয়ে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১২৩ রান।

৮১ রান করে কালাম সিদ্দিকি অলিনকে নিয়ে বাকি কাজটা শেষ করেন আজিজুল। আজিজুল ৭৮ ও কালাম ৩৬ রানে অপরাজিত ছিলেন।

আরেক ম্যাচে ঢাকাকে ১৪৩ রানে হারিয়ে তৃতীয় হয়েছে চট্টগ্রাম। শেষ দিনে ৯ উইকেটে ২৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। ববে ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৮ রানে অলআউট হয় ঢাকা। হাসান মুরাদ নিয়েছেন ৬ উইকেট।

সিলেট একাডেমি মাঠে শেষ দিনে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন ময়মনসিংহের ওপেনার খালিদ হাসান (১০৩)। দ্বিতীয় ইনিংসে ২৮৮ রানে অলআউট হয়ে ময়মনসিংহ। ৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রাজশাহী ২ উইকেটে ৮৪ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

এবারের জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ উইকেট পেয়েছেন হাসান মুরাদ। ১৪ ইনিংসে ৪১ উইকেট নিয়েছেন এই স্পিনার। দুইয়ে থাকা নাসুম আহমেদ ১১ ইনিংসে নিয়েছেন ৪০ উইকেট।

ব্যাটিংয়ের শীর্ষে রংপুরের মিম মোসাদ্দেক। ৩ সেঞ্চুরি এবং ৫ ফিফটিতে ১৪ ইনিংসে তার রান ৮০৪। দুইয়ে থাকা চট্টগ্রামের সাদিকুর রহমান ১০ ইনিংস খেলে করেছেন ৬৯৭ রান। ১০ ইনিংসে ৬৭২ রান করা ময়মনসিংহের মাহফিজুল ইসলাম রবিন তার পারফরম্যান্সের কারণে সুযোগ পেয়ে গেছেন জাতীয় দলে। বর্তমানে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আছেন তিনি।

ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনে ১৪টি ডিসমিসাল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন রংপুরের মিম মোসাদ্দেক। ৫৫৫ রান করে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নাঈম আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন