অ্যান্ডি রবার্টসের মতে

আইসিসি মানে ‘ভারতীয় ক্রিকেট বোর্ড’

আইসিসি মানে ‘ভারতীয় ক্রিকেট বোর্ড’

আইসিসির কাছ থেকে ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে সমালোচনার শেষ নেই। এই ইস্যুতে ক্রিকেট অনুরাগী থেকে শুরু করে বর্তমান-সাবেক ক্রিকেটাররা পর্যন্ত আইসিসির তোপ দাগেন। সবশেষ বিষয়টি নিয়ে মুখ খুললেন অ্যান্ডি রবার্টস। তার মতে, আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড।

রবার্টসের এমন মন্তব্যের খোরাক জুগিয়েছে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি। সেরা আট দলের টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেল পদ্ধতিতে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইতে। এই গোয়ার্তুমিতে এক ভেন্যুতে খেলার সুবিধা পেয়েছে রোহিত শর্মার দল। এমনকি আয়োজক পাকিস্তানকেও দুবাই গিয়ে ভারতের বিপক্ষে খেলতে হয়েছে। বিষয়টি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়েছে। এমনকি টুর্নামেন্ট শেষ হলেও সমালোচনা থামছে না।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে রবার্টস বলেন, ‘কিছু একটা তো হতেই হবে। ভারত তো আর একা সব সুবিধা পেতে পারে না। আইসিসিকে মাঝে মাঝে ভারতকে না বলতে হবে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত বাড়তি পেয়েছে। তারা আগে থেকেই জানত তাদের সেমিফাইনাল কোথায় হবে।’

রবার্টস আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে মোটেও ভ্রমণ করতে হয়নি। কীভাবে একটি দল টুর্নামেন্ট চলাকালীন ভ্রমণ না করে খেলতে পারে?’

আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করে বলে মনে করেন রবার্টস, ‘আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করে। সংস্থাটির সবকিছু ভারত নিয়ন্ত্রণ করে। আগামীকাল যদি ভারত বলে, ‘শোনো, কোনো নো বল এবং ওয়াইড থাকবে না; আমার কথা মেনে নাও। এমন পরিস্থিতিতে আইসিসি ভারতকে সন্তুষ্ট করার একটি উপায় খুঁজে বের করবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন