ভারতের বিপক্ষে ফাইনাল ঘিরে আত্মবিশ্বাসী মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

ভারতের বিপক্ষে ফাইনাল ঘিরে আত্মবিশ্বাসী মেয়েরা

বাংলাদেশ নারী দলের সামনে সাফ চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। কাল শনিবার ফাইনালে ভারতকে হারাতে পারলেই টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা জিতবে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ ঘিরে এখন বেশ আত্মবিশ্বাসী নারী দল। কেননা, সেমিফাইনালে প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠা নেপালকে ২-১ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। এ জয় আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ করবে। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ নারী দলের সহকারী কোচ আবুল হোসেন জানান, নেপালের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলেছে মেয়েরা। নেপাল শক্ত প্রতিপক্ষ ছিল। তারা পূর্ণশক্তির দল নিয়ে খেলেছে। কিন্তু বাংলাদেশ খেলেছে তারুণ্যনির্ভর নিয়ে। সেমিফাইনালে বাংলাদেশ শুরুর দিকে অনেক চাপে ছিল। আবুল হোসেনের মতে, বড় ম্যাচ খেলতে গেলে একটু চাপে থাকতে হয়। তিনি বলেন, ‘গ্রুপ পর্যায়ে আমরা একটি ম্যাচ হেরেছি। হারার পর একটি ম্যাচ খেলা টিমের জন্য সমস্যা তো হবেই। যার কারণে ধীরে ধীরে আমাদের মেয়েরা ভালো করে এবং চেষ্টা করে যেন আমরা ম্যাচ উইন করতে পারি। যে কারণে পিছিয়ে থাকার পরও আমাদের মেয়েরা জিতেছে।’

এবার বাংলাদেশের সব ভাবনা ভারত ম্যাচ ঘিরে। প্রতিপক্ষ হিসেবে ভারতকে অনেক বেশি চেনা বাংলাদেশের। আবুল হোসেন বলেন, ‘ভারত সম্পর্কে আমাদের ধারণাটা অনেক। কারণ, আমরা সব সময় ভারতের বিপক্ষে খেলি। ভারতের বিপক্ষে খেলাটা সব সময় রোমাঞ্চের। তাদের বিপক্ষে আমরা গ্রুপ পর্যায়ে খেলেছি। সে ম্যাচে আমাদের মেয়েরা হেরেছে। অবশ্য এটা আমরা হার বলব না। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। ভারতের বিপক্ষে কীভাবে ম্যাচ খেলব, আমাদের কোচিং স্টাফ এবং যারা ম্যাচ এনালাইসিস করেন, তারা সেটা নিয়ে অনেক পর্যালোচনা করেছেন। আগামীকাল (আজ) আমাদের একটি সেশন আছে। ওই সেশনে আমরা এ কাজগুলো করব এবং ফাইনালে ইনশাল্লাহ ভারতের বিপক্ষে জিতব।’

বিজ্ঞাপন

ফাইনাল ম্যাচ সব সময় ফিফটি ফিফটি। আবুল হোসেনের মতে, ফাইনালে দুটি টিমই উজ্জীবিত থাকবে। তবে বাংলাদেশ জয়ের বিকল্প ভাবছে না। আবুল হোসেন বলেন, ‘জয়ী হওয়ার জন্য আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা জিতব।’

নেপাল ম্যাচের আগের দিন ডিফেন্ডার শিউলি আজিমের মা মারা গেছেন। তাকে সমবেদনা জানিয়েছে নারী দল। এমনকি নেপালের বিপক্ষে জয়টি শিউলির প্রয়াত মাকে উৎসর্গ করেছে বাংলাদেশ। শিউলি আগের চেয়ে এখন কিছুটা চনমনে আছে বলে জানান কোচ আবুল হোসেন। তিনি বলেন, ‘শিউলি ভালো আছে। এখন দলের সবাই উজ্জীবিত। কোনো সমস্যা নেই। ইনজুরিও নেই। শুধু মনিকা গত ম্যাচে একটু ব্যথা পেয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন