দিলারার রেকর্ড ফিফটিতে ডাচদের উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

দিলারার রেকর্ড ফিফটিতে ডাচদের উড়িয়ে দিল বাংলাদেশ

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যে সঠিক পথেই এগোচ্ছে, তার আরেকটি প্রমাণ দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দিলারা আক্তারের রেকর্ডগড়া ঝড়ো ফিফটি আর ফারিহা ইসলামের কার্যকর বোলিংয়ে নেদারল্যান্ডসকে ১৩ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৮ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ডাচ বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। মাত্র ৪২ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা। জুয়াইরিয়া ৮ বলে ১৩ রান করে ফিরলেও থামেননি দিলারা।

তিন নম্বরে নামা সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান ডানহাতি এই ওপেনার। মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করে বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম অর্ধশতকের নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে রুমানা আহমেদের ২৮ বলে করা ফিফটিই ছিল বাংলাদেশের দ্রুততম।

শেষ পর্যন্ত ৮ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন দিলারা। সোবহানা মোস্তারি ৯ বলে ১১ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেটে ৯৮ রান তোলে বাংলাদেশ।

৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডসও পাল্টা লড়াই গড়ে তোলে। ওপেনার হেইদার সাইজার্স ও বেবেতে ডি লিড ৫২ রানের জুটি গড়ে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। তবে পঞ্চম ওভারে সাইজার্সকে ফিরিয়ে জুটি ভাঙেন ফারিহা ইসলাম।

এরপর ডি লিডও ফারিহার শিকার হন। ১৪ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জয়ের পথে নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৮ ওভারে ৮৫ রান সংগ্রহ করে থামে ডাচদের ইনিংস।

বল হাতে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন ফারিহা ইসলাম। তার নিয়ন্ত্রিত বোলিং আর দিলারার ব্যাটিং তাণ্ডবে ১৩ রানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন