দুটি টেস্ট খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে ফিল সিমন্সের শিষ্যদের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সে দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী আফ্রিকান দলটির প্রধান কোচ জাস্টিন সেমন্স।
সেমন্সের এমন আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট কারণ আছে। বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকের সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে। এছাড়া লম্বা সময় পর দলে ডাকা হয়েছে ওয়েলিংটন মাসাকাদজা ও তাফাদজওয়া সিগাকে। দলে একমাত্র নতুন মুখ ভিনসেন্ট মাসেকেসা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে আগামী ২০ এপ্রিল। সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণার পর সেমন্স বলেন, ‘আমরা এমন একটি সময়ে প্রবেশ করতে পেরে খুবই উত্তেজিত যেখানে টেস্ট ক্রিকেটই আমাদের একমাত্র লক্ষ্য হবে। আমি নিশ্চিত যে এই দলটির খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে উন্নতি করবে। তারা বিভিন্ন পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আমাদের সামনে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বোত্তম ভারসাম্য প্রদানের জন্য এই দলটি তৈরি করা হয়েছে।’
জিম্বাবুয়ে টেস্ট দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কুরান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা, ভিক্টর নিয়াউচি, উইলিয়াম ওয়েক্সাচ, উইলিয়াম সেফাড, তাফাদজওয়া সিগা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

