চ্যাম্পিয়নস ট্রফি

পাকিস্তানে নেই কেবল ভারতের পতাকা

পাকিস্তানে নেই কেবল ভারতের পতাকা

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আছে মাঝখানে আর মাত্র একদিন। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টটির। শুরুর ৪৮ ঘণ্টা আগে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নতুন আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফির আগে নতুন আলোচনা-সমালোচনার খোরাক জুগিয়েছে পতাকা ইস্যু। টুর্নামেন্টকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অংশগ্রহণকারী ৮ দলের মধ্যে ৭ দলের পতাকা লাগানো হয়েছে। যেখানে নেই কেবল ভারতের পতাকা। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পতাকা লাগানো হয়েছে। যেখানে অনুপস্থিত ভারতের পতাকা।

ভারতের প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ভিডিওগুলো গাদ্দাফি স্টেডিয়ামের। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে ভারতীয় দলের পাকিস্তান না যাওয়ার বিরুদ্ধে পিসিবির জবাব হিসেবে দেখছেন সমর্থকরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ ‘এ’তে খেলবে ভারত। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রোহিত শর্মা অ্যান্ড কোং। ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপে নিজেদের বাকি ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত।

নানা জটিলতায় এবারের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে শঙ্কা ছিল। ভারতীয় দল পাকিস্তান যেতে না চাওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। শুধু তাই নয়, টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান গিয়ে ফটোসেশনেও অংশ নিচ্ছেন না ভারতের অধিনায়ক রোহিত। এতোকিছুর মাঝেও আলোর মুখ দেখতে যাচ্ছে সেরা আট দলের টুর্নামেন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন