ক্রীড়াঙ্গন সংস্কার

ক্রীড়া মন্ত্রণালয়ের সাত সদস্যের নতুন কমিটি

ক্রীড়া মন্ত্রণালয়ের সাত সদস্যের নতুন কমিটি

ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য সাত সদস্যের একটি নতুন কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) সেলিম ফকিরকে। সদস্য সচিব হিসেবে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হুমায়ুন কবীর। আর বাকি পাঁচ সদস্য হলেন- জোবায়েদুর রহমান রানা, আজাদ মজুমদার, ব্যারিস্টার শাইখ মাহাদী, উশু ফেডারেশনের সহসভাপতি লেফটেন্যান্ট কর্নেল আবু আইয়ুব মোহাম্মদ হাসান ও জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল।

গত ২৪ জুন এই সংক্রান্ত একটি এক অফিস আদেশ জারি করে মন্ত্রণালয়। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে নতুন কমিটিকে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছিল। সার্চ কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর নতুন কমিটি গঠন করা হলো। এই কমিটি গঠনের উদ্দেশ্যের প্রেক্ষাপটে বলা হয়েছে, ‘ক্রীড়াঙ্গনে অধিকতর গতিশীলতা আনয়নের মাধ্যমে সুশাসন নিশ্চিতকরণে জাতীয় ক্রীড়া পরিষদ অধিভুক্ত ফেডারেশনগুলোর গঠনতন্ত্র ও অ্যাফিলিয়েশন প্রাপ্তির বিদ্যমান নীতিমালা যুগোপযোগীকরণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নিম্নোক্ত কমিটি গঠন করা হলো।’

এই কমিটির কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে- জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ আলোকে জাতীয় ক্রীড়া সংস্থাগুলোর জন্য আদর্শ গঠনতন্ত্র প্রণয়ন, অ্যাফিলিয়েশন প্রাপ্তির বিদ্যমান নীতিমালা যুগোপযোগীকরণ, অ্যাফিলিয়েশন সংখ্যা আইন ও যৌক্তিকতার সঙ্গে নির্ধারণ করা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের নীতিমালা প্রণয়ন (আইওসি ম্যান্ডেটভুক্ত ছয়টি গেমস বাদে)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন