ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। দলে নেওয়া হয়েছে আরো তিন নতুন প্রবাসী ফুটবলারকে। তারা হলেন—ইংলিশ ক্লাব ফুটবলে খেলা ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ ও মিডফিল্ডার জিদান ইউসুফ এবং জাপানে খেলা শুকি ইতোফুসা। এরই মধ্যে ফারহানের ভূয়সী প্রশংসা করেছেন কোচ ডুলি। তার মতে, ফারহানের মধ্যে গোল করার মতো বড় গুণ রয়েছে। যেটা দলের সবচেয়ে বেশি প্রয়োজন। বর্তমানে ফুলহাম অনূর্ধ্ব-২১ দল থেকে ধারে বোরেহাম উড ক্লাবে খেলছেন ফারহান। তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। এ নিয়ে বাংলাদেশ দলে আছেন ৯ প্রবাসী ফুটবলার।
আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জার্কাতায় শুরু হবে ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের খেলা। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ান) ১১টি দেশের সঙ্গে অতিথি দেশ হিসেবে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং আসিয়ান কাপে অংশ নিচ্ছে। মোট ১৪টি দেশ দুই বিভাগে দুটি করে গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে খেলছে। আট দল নিয়ে হচ্ছে প্রিমিয়ার ডিভিশন। আর ছয় দল নিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে চ্যালেঞ্জ ডিভিশনের খেলা।
বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল
গোলরক্ষক : মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ; রক্ষণভাগ : জিদান অ্যালেক্সান্ডার ইউসুফ, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ; মাঝমাঠ : এসএম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, মো. মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী, শমিত শোম; আক্রমণভাগ : ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

