চ্যাম্পিয়নস ট্রফিতে ফেভারিট কোন দল, এ নিয়ে গত কিছুদিন ধরেই নিজেদের মতামত জানাচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এবার সেরা আট দলের টুর্নামেন্টকে সামনে রেখে নিজের পছন্দের দল বেছে নিলেন মাইকেল ক্লার্ক। নিজের দেশ অস্ট্রেলিয়া নয়, তার মতে চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জেতার দৌঁড়ে এগিয়ে থাকবে ভারত।
শক্তিশালী দল হওয়ার পরও এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে নিয়ে আস্থা পাচ্ছেন না ক্লার্ক। এর প্রধান কারণ সাম্প্রতিক পারফরম্যান্স। এই সংস্করণের সবশেষ দুটি সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে অজিরা।
চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে বরাবরই দুর্দান্ত রোহিত শর্মা। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে তার সংগ্রহ ৪৮১ রান। ব্যাটিং গড় ৫৩.৪৪। এক সেঞ্চুরির পাশাপাশি চারটি ফিফটি হাঁকিয়েছেন তিনি। তাই সেরা আট দলের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ভারত দলপতিকে বেছে নিয়েছেন ক্লার্ক। অন্যদিকে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হিসেবে তার পছন্দ ইংল্যান্ডের গতি তারকা জোফরা আর্চার।
বিয়ন্ড ক্রিকেট পডকাস্টে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ক্লার্ক বলেন, ‘আমি বললাম ভারত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতবে। আমি দলটির অধিনায়ক রোহিতের ওপর আস্থা রাখছি। সে আবারও ফর্মে ফিরেছে, রান পাচ্ছে। আমি বলব সে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হবে। তাকে রানে ফিরতে দেখে ভালোই লাগছে। আমি মনে করে তার মতো একজন ব্যাটারকে ভারতের খুব প্রয়োজন।’
সাবেক তারকা ক্রিকেটার আরও বলেন, ‘সর্বোচ্চ উইকেট শিকারের জন্য আমি আর্চারের নাম বলতে চাই। ইংল্যান্ডের বর্তমান অবস্থা সম্পর্কে আমার ধারণা আছে। তারা চ্যাম্পিয়নস ট্রফিতে খুব ভালো কিছু করবে আমি এমন কিছু আশা করছি না। তবে আর্চার একজন মহাতারকা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

