আর্জেন্টিনার আনুষ্ঠানিকতা, ব্রাজিলের জয়ে ফেরার মিশন

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার আনুষ্ঠানিকতা, ব্রাজিলের জয়ে ফেরার মিশন

দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। বাছাইপর্বে এখনও চার ম্যাচ বাকি আছে লা আলবিসেলেস্তেদের। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য ম্যাচগুলো এখন কেবলই আনুষ্ঠানিকতার। আর্জেন্টিনার পরিস্থিতি যখন এমন তখন নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল।

১৪ ম্যাচ খেলে এখনও বিশ্বকাপে টিকিট পকেটে পুরতে পারেনি সেলেসাওরা। বাছাইপর্বের সবশেষ ম্যাচে গত মার্চে আর্জেন্টিনার কাছে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জয়ে ফেরার মিশনে শুক্রবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বাঙ্কো মনুমেন্টালে ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল। তার দুই ঘণ্টা পর নিয়মরক্ষার ম্যাচে চিলির মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চলের টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। আসন্ন ম্যাচে চোট সমস্যা এবং নিষেধাজ্ঞার কারণে একাধিক খেলোয়াড়কে পাবে না জায়ান্টরা। শঙ্কা আছে শুরুর একাদশে মেসির খেলা নিয়েও। এই প্রসঙ্গে প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মেসির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সে শুরু থেকে মাঠে নামবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আর্জেন্টিনার সমান ম্যাচ খেলা ব্রাজিলের সংগ্রহ ২১ পয়েন্ট। টেবিলের চারে অবস্থান করছে তারা। সরাসরি বিশ্বকাপ খেলতে চাইলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই তাদের জন্য। এমন সমীকরণে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচকে সহজভাবে নিচ্ছেন না ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ‘ইকুয়েডর ফর্মে আছে। দলটি বেশ গোছানো। ওদের বিপক্ষে আমাদের কঠিন একটা লড়াই হবে। আমাদের খেলোয়াড়দের যে মান তাতে সবদিক থেকেই আমরা নিজেদের এগিয়ে রাখতে পারব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন