বলা হয়ে থাকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফুটবল তার দায় মিটিয়েছে। কাতারের লুসাইল স্টেডিয়ামে সেদিন বিশ্বকাপ ফাইনালে জমজমাট লড়াইয়ের পর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে সোনালি ট্রফি জেতে আর্জেন্টিনা। তাতেই পরম আরাধ্য বিশ্বকাপ উঁচিয়ে ধরার অপেক্ষা শেষ হয় লিওনেল মেসির।
ক্যারিয়ারে কেবল এই একটা শিরোপাই জেতার বাকি ছিল তারকা ফরওয়ার্ডের। সেই পরম আরাধ্য সোনালি ট্রফি হাতে পেয়ে চুমু এঁকে দিতে ভুল করেননি মেসি। কাতার বিশ্বকাপের আড়াই বছর পর ফের বিশ্বকাপ ট্রফিতে চুমু দিলেন মেসি। সেই সঙ্গে প্রকাশ করলেন নিজের আবেগ-অনুভূতি।
২০২৬ বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে লস অ্যাঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ফিফা ও অ্যাডিডাস। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসি। মঞ্চে তার হাতে ২০২২ বিশ্বকাপের ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
সরল হাসিতে সেই পরিচিত বিশ্বকাপ ট্রফি আগলে নেন ইন্টার মিয়ামি তারকা। এরপর ট্রফির ওপর হাত বুলিয়ে একটা চুমু দেন। সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে করতালির রোল পড়ে যায়। এরপর মেসি বলেন, ‘আমার জন্য এ মুহূর্তটা খুবই সুন্দর, খুবই স্পেশাল।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

