নিজেদের মাঠে জয় ছিনিয়ে নিতেই ঘাম ছুটে গেছে বার্সেলোনার। স্প্যানিশ লিগের ম্যাচে অতিথি মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন দানি ওলমো। কষ্টার্জিত এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় পরিষ্কার ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা।
তবে গতকাল রাতে গেতাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পয়েন্ট ব্যবধানটা কমে ফের চারে নেমে আসবে। কিন্তু এবারের লিগ শিরোপার লড়াইয়ের মীমাংসাটা হয়ে যেতে পারে এল ক্লাসিকোতেই। শ্বাসরুদ্ধকর ও মহারণের ম্যাচটিতে রিয়ালের মুখোমুখি হবে বার্সা আগামী ১১ মে। তার আগে বার্সার সামনে থাকা সবকটি ম্যাচই যেন ফাইনাল। জিততে হবে সব ম্যাচ। কারণ একটি ম্যাচে হারলেই শিরোপাটা পর্যন্ত হাতছাড়া হয়েছে যেতে পারে।
রিয়ালের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে জয়ের দেখা পেলে স্প্যানিশ লিগ শিরোপা অনেকটাই নিজেদের করে ফেলবে বার্সা। আর যদি কোনো কারণে ধ্রুপদি ম্যাচটি জিতে যায়, তাহলেই কেবল বার্সার সঙ্গে শিরোপা দৌড়ে টিকে থাকবে রিয়াল। শুধু এল ক্লাসিকো জিতলেই হবে না, লিগ মৌসুমের বাকি ম্যাচগুলোতে কোনোভাবেই পয়েন্ট হারানো যাবে না। কথাটা দুদলের জন্যই সমানভাবে প্রযোজ্য।
রিয়াল যদি গতকাল রাতে গেতাফেকে ও ৪ মে সেলতা ভিগোর বিপক্ষে জয় পায়, তাহলে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের সংগ্রহ দাঁড়াবে ৩৪ ম্যাচে ৭৫ পয়েন্ট। আর বার্সা যদি ৩ মে ভায়াদোলিদের বিপক্ষে জেতে, তবে কাতালানদের পুঁজি হবে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট। তার মানে ৪ পয়েন্টের লিড নিয়েই এল ক্লাসিকোতে রিয়ালকে মোকাবিলা করবে বার্সা।
নিজেদের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে রিয়ালকে ধরাশায়ী করতে পারলে ৩৫ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮২। রাফিনহা-ইয়ামালরা এগিয়ে যাবে ৭ পয়েন্ট। ১৫ মে কাতালান ডার্বিতে এস্পানিওলকে হারালে কাতালানদের পয়েন্ট ৩৬ ম্যাচে হবে ৮৫। এ ম্যাচ জিতলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। মানে, আগামী তিন ম্যাচ জিতলেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করতে পারবে বার্সা। রিয়াল যদি অন্য ম্যাচগুলোতে পয়েন্ট হারায়, তাহলে বার্সার শিরোপা উৎসব হয়ে যেতে পারে আরো আগে।
একনজরে ফল
বার্সেলোনা ১-০ মায়োর্কা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

