সৌদি প্রো লিগে বিপ্লবের মুখ হয়ে এসেছিলেন তিনিই। কিন্তু সেই ক্রিশ্চিয়ানো রোনালদোই এখন সৌদি ফুটবলের সবচেয়ে বড় প্রকল্পের ভেতরকার বৈষম্য নিয়ে প্রকাশ্যে অসন্তুষ্ট। ফলে আল নাসরের হয়ে টানা দুই ম্যাচে মাঠে দেখা যায়নি পর্তুগাল তারকাকে। আল নাসরের টানা দুই ম্যাচে না নামা শুধু মাঠের সিদ্ধান্ত নয়, বরং সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ট্রান্সফার নীতির বিরুদ্ধে এক ধরনের নীরব প্রতিবাদ।
২০২২ সালে ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদি প্রো লিগে যোগ দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন পর্তুগিজ সুপারস্টার। তার পথ ধরেই সৌদি ফুটবলে আসেন বেনজেমা, নেইমার, মানে-সহ একাধিক তারকা। কিন্তু এখন সেই প্রকল্পের মধ্যেই ভারসাম্যহীনতা দেখছেন রোনালদো।
ইএসপিএনের বরাতে জানা গেছে, আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমার আল হিলালে যোগ দেওয়ার পরিকল্পনায় প্রবল আপত্তি ছিল রোনালদোর। তার মতে, পিআইএফের এই সিদ্ধান্ত সরাসরি আল হিলালকে অন্য ক্লাবগুলোর তুলনায় অযৌক্তিক সুবিধা দিচ্ছে এবং শিরোপার প্রতিযোগিতাকে একপেশে করে তুলছে। এই ক্ষোভ থেকেই আল নাসরের পরপর দুটি ম্যাচে মাঠে নামেননি তিনি। যদিও দলের সঙ্গে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন, তবে মাঠে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে ক্লাব ও পিআইএফ কর্তৃপক্ষের অবস্থানের ওপর।
চলতি মৌসুমে আল নাসরের ট্রান্সফার কার্যক্রম ছিল সীমিত। দলটি শুধু একজন অনূর্ধ্ব-২৩ ইরাকি মিডফিল্ডারকে দলে টেনেছে। বিপরীতে আল হিলাল পেয়েছে সরাসরি আর্থিক সমর্থন এবং বড় নাম। সূত্র জানায়, এবারের ট্রান্সফার উইন্ডোতে বেনজেমাসহ আল হিলালের পুরো দলবদলের খরচ বহন করেছেন সৌদি যুবরাজ আলওয়ালিদ বিন তালাল আলসাউদ। এই বিলিয়নিয়ার ব্যবসায়ী ক্লাবটির ২৫ শতাংশ মালিক, বাকি ৭৫ শতাংশ পিআইএফের অধীনে। এই আর্থিক ভারসাম্যহীনতাই আল নাসরকে শিরোপা দৌড়ে পিছিয়ে দিচ্ছে—এমন আশঙ্কাই রোনালদোর ক্ষোভের মূল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

