খুব কম সময়ের মধ্যেই বাংলাদেশি ভক্তদের মনে বিশাল জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। সেটার ছাপ পড়েছে এই তারকা ফুটবলারের ফেসবুক পেইজে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেকের দুই সপ্তাহও পার হয়নি। এরই মধ্যে ফেসবুকে হামজার ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন অর্থ্যাৎ ১০ লাখ ছাড়িয়েছে।
এক মিলিয়নের মাইলফলক স্পর্শ করে ভক্তদের কৃতজ্ঞতা জানাতে ভুলেননি হামজা। এক পোস্টে তিনি লিখেছেন, ‘ফেসবুকে ১০ লক্ষ ফলোয়ার, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
গত ১৭ মার্চ বাংলাদেশে পা রাখেন হামজা। দেশে এসেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হন। সিলেট বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল যাওয়ার পথে এই প্রবাসী ফুটবলারকে একনজর দেখার জন্য রাস্তার দুই পাশ জনসমুদ্রে পরিণত হয়। হামজার উপস্থিতিতে রীতিমতো উৎসব শুরু হয় বাহুবল গ্রামে।
হামজা ভক্তদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন মাঠের খেলায়। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হয় হামজার। সে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন। তুলনামূলক শক্তিশালী ভারতের বিপক্ষে সেদিন বাংলাদেশকে এক পয়েন্ট এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

