বাফুফের আন্তর্জাতিক ট্যালেন্ট হান্ট

জুনে ঢাকায় বসছে প্রবাসী ফুটবলারদের হাট

জুনে ঢাকায় বসছে প্রবাসী ফুটবলারদের হাট

বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অভিষেকের পর ফুটবলে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে হামজা একা সবকিছু বদলে দিতে পারবেন না। তার মতো কিংবা তার কাছাকাছি মানের আরো কিছু খেলোয়াড় যদি দলে যুক্ত হন, তাহলে বাংলাদেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। এমন মতামতই দিচ্ছেন অনেকে। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এবার প্রবাসী ফুটবলারদের ঘিরে বড় এক পরিকল্পনা হাতে নিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার খুঁজে বের করে আনার জন্য ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কার্যনির্বাহী কমিটি। আগামী জুনের শেষ সপ্তাহে ঢাকায় প্রবাসী বয়সভিত্তিক ফুটবলারদের হাট বসাতে যাচ্ছে তারা।

বাফুফে সহসভাপতি ফাহাম এম করিম আমার দেশকে জানালেন, এ প্রোগ্রামে অন্তত ২৫ জন প্রবাসী খেলোয়াড় অংশ নেবেন। এরই মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। বাংলাদেশি বংশোদ্ভূত ৩৫ ফুটবলারের সঙ্গে কথা হয়েছে বাফুফের। এসব ফুটবলারদের মধ্যে বেশির ভাগ হলেন- ইউরোপের বিভিন্ন দেশের ক্লাব পর্যায়ের। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ আরো বেশ কয়েকটি দেশের খেলোয়াড়রাও আছেন। মূলত বয়সভিত্তিক দলের জন্য এই প্রবাসী ফুটবলারের ট্রায়াল নেবে বাফুফে। কেননা তারা সময় নিয়ে জতীয় দলের জন্য তৈরি হতে পারবেন।
ফাহাদ করিম বলেন, ‘খেলোয়াড়রা বিভিন্ন দেশে টায়ার ওয়ান, টু, থ্রি ও ফোর লিগের খেলে থাকেন। তাদের অধিকাংশের বয়স ১৭ থেকে ২০ বছর। তারা বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগেও তারা যোগাযোগ করেছিল। কিন্তু সেভাবে সহযোগিতা পায়নি। আমরা তাদের আমন্ত্রণ জানাচ্ছি ট্রায়ালের জন্য। এটি আমাদের নিয়মিত ট্যালেন্ট হান্টের একটি অংশ।’ আগে একদিনের ট্রায়াল হতো। তবে এবার তিন থেকে পাঁচ দিনের ট্রায়াল হবে। বাফুফের টেকনিক্যাল বিভাগ এ পুরো ব্যাপারটি দেখভাল করছে। ভবিষ্যতে দলকে শক্তিশালী করার জন্য বয়সভিত্তিক দল থেকেই প্রবাসীদের খেলাতে চায় বাফুফে। ফাহাদ করিম জানান, বয়সভিত্তিক ফুটবলার ছাড়াও জাতীয় দলের জন্য ফুটবলার খুঁজছেন তারা। এসব খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথা বলছে বাফুফে। তাদেরকে ক্যাম্পে ডাকা হবে। তবে খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রে প্রধান কোচ সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

পুরুষ ফুটবলারদের সঙ্গে প্রবাসী নারী ফুটবলাররাও ট্রায়ালে অংশ নেবে বাফুফে। ফাহাদ করিম বলেন, ‘আমাদের চারজন মেয়ের সঙ্গে কথা হয়েছে। এর মধ্যে একজন আসতে পারবে বলেছে আগস্টের শেষে, আরেকজন জুনের শেষে। আর বাকি দুজনকে আমরা চেষ্টা করছি এই জুনেই ট্রায়ালে রাখার। তাদের একজন সুইডেনের, বাকি তিনজন ইউকের। তারা ক্লাব লেভেলে খেলছে।’ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার খুঁজে বের করার ক্ষেত্রে বাফুফের সঙ্গে সমন্বয়ক হিসেবে কাজ করছেন ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ। ডেনমার্ক থেকে সাকিব মাহমুদ মুঠোফোনে আমার দেশকে বলেন, ‘আমি দেশের ফুটবলের জন্য কাজ করছি স্বউদ্যোগে। আমাকে অনেক সহযোগিতা করছেন বাফুফের ফাহাদ করিম ভাই, টিটু ভাইরা। আমি চাই যেসব ফুটবলাররা ট্রায়ালে আসবেন, তারা যেন বাংলাদেশকে কিছু দিতে পারে।’
তিনি আরো বলেন, ‘যারা ট্রায়ালে অংশ নেবেন, আমি তাদেরকে গত আড়াই বছর ধরে পর্যবেক্ষণে রেখেছি যে, তারা কীভাবে খেলছে, তাদের ট্যালেন্ট কী পর্যায়ের, তাদের খেলা দেখে সিলেকশনের কাজ করা হয়েছে। এজন্য জাহিদ নামের একজন আমার সহযোগী লন্ডনে থাকেন, সে আমাকে সহায়তা করছেন।’ ইনস্টাগ্রামে ‘বাংলাদেশিবলার্স’ নামে একটি পেজ খুলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নেটওয়ার্ক তৈরি করেন সাকিব মাহমুদ। কাজী সালাউদ্দিনের আমলে জামাল ভূঁইয়াকে দিয়ে বাংলাদেশ জাতীয় দলে প্রবাসী ফুটবলারের পথচলা শুরু হয়েছিল। এবার প্রবাসীদের মাধ্যমে জাতীয় দল আরো সমৃদ্ধ করার জন্য যে বড় উদ্যোগ নেওয়া হয়েছে, সেখান থেকে যদি কয়েকজন ভবিষ্যৎ তারকা উঠে আসেন, তাহলেই সফল হবে বাফুফে।

বিজ্ঞাপন

৩২ প্রবাসী ফুটবলারের তালিকা : নাবিদ আহমদে (কানাডা), ফারহান মাহমুদ (ফ্রান্স), আমির সামি (যুক্তরাষ্ট্র), শামির খা (ইংল্যান্ড ও ইতালি), মাহি রহমান (সুইডেন), ইয়াসিন হোসেন (ইতালি), আরিয়ান আমির (ইংল্যান্ড), মোহাম্মদ নাবির (যুক্তরাষ্ট্র), লিসান হাওলাদার (পর্তুগাল), জাহিদ ইসলাম (ওয়েলস), মোহাম্মদ সামির মিয়া (ওয়েলস), কারিম হাসান স্মিথ (ইংল্যান্ড ও জ্যামাইকা), ট্রেভর ইসলাম (যুক্তরাষ্ট্র), রিফাত খান (ফ্রান্স), সৈকত বড়ুয়া (স্পেন), রিজওয়ান হোসেন (ইংল্যান্ড), রকিবুল রিথম (যুক্তরাষ্ট্র), নাভিদ ওয়ালিউল্লাহ (সুইডেন), ফারহান কালাম (এস্তোনিয়া), নাসির মারজুক (সুইডেন), আশিকুর রহমান (ইংল্যান্ড), সৈয়দ তাইসির আলম (অস্ট্রেলিয়া), নাবিল নাসির (যুক্তরাষ্ট্র), তোফায়েল তানিম (ইংল্যান্ড), ইলমান মতিন (ইংল্যান্ড ও ইতালি), জয় উদ্দিন (ওয়েলস), হারুন সালাহ (ইংল্যান্ড ও পাকিস্তান), নাবিল রহমান (ইংল্যান্ড), ইমান আলম (ইংল্যান্ড), ইব্রাহিম নওয়াজ (ইংল্যান্ড, শেখ আল-আমিন (ইংল্যান্ড) ও ইয়াসিন হাসান (ইংল্যান্ড)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন