বক্সিংয়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট বসবে ঢাকায়

বক্সিংয়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট বসবে ঢাকায়

বক্সিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির প্রথম সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে এসে সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) এমএ লতিফ খান জানান, ঢাকায় একটি আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট আয়োজন করতে চান তারা। এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, নেপাল, ভারত ও পাকিস্তান অংশ নেবে।

বিজ্ঞাপন

লতিফ খান নিজেও বক্সার ছিলেন। ১৯৬৮ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের হয়ে প্রথম বাঙালি হিসেবে ব্রোঞ্জ পদক জয় করেন তিনি। অতীত স্মৃতিচারণ করে সাবেক এই বক্সার বলেন, ‘মোহাম্মদ আলী ও জোফ্রেজিয়ারের খেলা দেখে অনুকরণও করতাম। আসলে একজন বক্সারের কঠোর শৃঙ্খলা, পরিশ্রম ও প্রশিক্ষণের প্রয়োজন।’ বক্সিংকে বদলে দিতে চান লতিফ খান। বক্সিংকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়াই তার লক্ষ্য।

অপরদিকে, বক্সিং ফেডারেশনের সহসভাপতি ফাইজুর রহমান ভূঁইয়া বলেন, ‘বক্সিংয়ের মাধ্যমে আমরা নিজেদের এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দিতে এসেছি, নিতে নয়। অ্যাডহক কমিটিতে থেকে আমাদের সাধ্যমতো সব কাজ করে যেতে চাই।’ অন্যদিকে, বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান মনে করেন, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ। সিনিয়র ও জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করবেন তারা। এজন্য সব পরিকল্পনা হয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন