হকি দলকে যেভাবে যাচাই করলেন হকি কোচ গেরহার্ড

হকি দলকে যেভাবে যাচাই
করলেন হকি কোচ গেরহার্ড

এশিয়ান গেমস সামনে রেখে জার্মান কোচ পিটার গেরহার্ডের অধীনে ২৪ সদস্যের বাংলাদেশ দল প্রস্তুত হচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে আজ বুধবার আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলল তারা। প্রতিপক্ষ ছিল সেই অনূর্ধ্ব-২০ দল। এই ম্যাচে ৯-২ গোলে জিতেছে জাতীয় দল। বড় জয়ের চেয়ে প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের মানসিক শক্তি, ধৈর্য আর প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্যকে গুরুত্ব দিয়ে দেখেছেন কোচ গেরহার্ড। এ ধরনের ম্যাচ খেললে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে টানা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার পর এখন খুবই আত্মবিশ্বাসী রাসেল মাহমুদ জিমিরা। এবার শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়তে মুখিয়ে আছে তারা।

ম্যাচশেষে গেরহার্ড বলেন, ‘তাদের আরো শান্ত হতে হবে। এটা আমাদের সমস্যা। তাদেরকে খেলা চলাকালে আরো ধৈর্য ধরতে হবে। আমি খুব একটা পরিবর্তন করিনি। আমি দেখতে চেয়েছিলাম, ক্লান্ত হয়ে পড়লে তারা কেমন খেলে। সেটি এশিয়ান গেমসেও হতে পারে।’ গেরহার্ড জানান, যেভাবে বলেছিলেন, মাঠে সেভাবেই খেলেছেন তার শিষ্যরা। শান্তভাবে যতক্ষণ বল নিয়ন্ত্রণে রেখে খেলা যায়, ততক্ষণ কোনো কিছুই ঘটবে না। যেকোনো ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচে বিশেষ অনুশীলন হয়েছে খেলোয়াড়দের, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ২৪ সদস্যের দল নিয়েই জার্মানিতে এক মাসের প্রস্তুতি ক্যাম্প গড়বেন কোচ গেরহার্ড। সেখানে বাংলাদেশ দলের ১৫-১৮টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন