নারী এএফসি এশিয়ান কাপ বাছাই

প্রথমার্ধে বাহরাইনের জালে ৫ গোল

প্রথমার্ধে বাহরাইনের জালে ৫ গোল

নারী এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাহরাইনকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই বাহরাইনের জালে ৫ গোল দিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। বাংলাদেশের হয়ে দুটি গোল করেছেন তহুরা খাতুন, একটি করে গোল করেছেন কোহাতি কিসকু, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বাংলাদেশ। তারই ধারায় দশম মিনিটে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। দলের হয়ে প্রথম গোলটি করেন শামসুন্নাহার। এরপর আক্রমণ অব্যাহত রেখে ৬ মিনিট পরই দলের হয়ে দ্বিতীয় গোলটি আদায় করে নেন ঋতু।

বিজ্ঞাপন

মাঠের বামপ্রান্ত দিয়ে ক্ষিপ্রগতির দৌড়ে প্রতিপক্ষের একজনকে ছিটকে ফেলে কোনাকুনি শট নেন ঋতু। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল আশ্রয় নেয় জালে। এই গোলটি প্রয়াত ছোট ভাইকে উৎসর্গ করেন এই ফুটবলার। গেল বছরেই না ফেরার দেশে চলে গেছেন ঋতুর একমাত্র ভাই।

বাংলাদেশের গোল উৎসব তখনো বাকি। ম্যাচের ৪০তম মিনিটে বাহরাইনের জালে তৃতীয় গোলটি দেন কিসকু। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পরপর দুটি গোল করে স্কোরলাইন ৫-০ করেন অভিজ্ঞ ফরোয়ার্ড তহুরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন