পাকিস্তানের হারে বাংলাদেশের ‘অবনমন’

পাকিস্তানের হারে বাংলাদেশের ‘অবনমন’

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানদের এই হারে র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের। এই সংস্করণের র‌্যাঙ্কিংয়ে ফের দশে নেমে গেছে মেহেদি হাসান মিরাজের দল।

আইসিসি প্রকাশিত সবশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৭ রেটিং পয়েন্ট। বাংলাদেশের অবনমনে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের সংগ্রহ ৭৮ রেটিং পয়েন্ট।

বিজ্ঞাপন

বাংলাদেশের পাশাপাশি অবনতি হয়েছে পাকিস্তানেরও। ৪ থেকে পাঁচে নেমে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের রেটিং পয়েন্ট ১০২। পাকিস্তানের অবনমনে ১০৩ রেটিং নিয়ে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা।

সবশেষ প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন হয়নি। ১২৪ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে আছে ভারত। সেরা তিনের বাকি দল দুটি হলো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। উভয় দলের নামের পাশে শোভা পাচ্ছে ১০৯ রেটিং পয়েন্ট।

২০০৬ সালের অক্টোবরে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নয়ে উঠে আসে বাংলাদেশ। টানা ১৯ বছর পর গত মে মাসে দশে নেমে যায় দলটি। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচ জিতে নয়ে ফিরেছিল বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তান হারায় ফের দশে নেমে গেল তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন