ধর্ষণ ও হত্যার হুমকির দাবি করে বুধবার (৫ ফেব্রুয়ারি) মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া। আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
তুষার জানান, হুমকিদাতাকে খুঁজে বের করতে র্যাবের সাইবার ক্রাইম টিমের সঙ্গে যোগাযোগ করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমাইয়া লিখেন, ‘আমি আমার বাবা-মায়ের সাথে যুদ্ধ করেছিলাম ফুটবল খেলার জন্য, বিশ্বাস করেছিলাম যে আমার দেশ আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কেউ সত্যিই চিন্তা করে না। আমার এবং দলের সহকর্মীদের জন্য আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি তা নিয়ে ইংরেজিতে চিঠি লেখার সর্বনিম্ন ক্ষমতা আমার আছে। গত কয়েকদিন ধরে, আমি অগণিত প্রাণহানি ও ধর্ষণের হুমকি পেয়েছি। শব্দগুলি আমাকে এমনভাবে ধ্বংস করেছে যা আমি কল্পনাও করিনি। আমি জানি না এই আঘাত থেকে সারতে আমার কত সময় লাগবে। কিন্তু স্বপ্ন পূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।’
নারী দলের কোচ পিটার বাটলার ইস্যুতে উত্তাল দেশের ফুটবল অঙ্গন। বনিবনা না হওয়ায় এই কোচের পদত্যাগ দাবি করছেন ফুটবলাররা। সম্প্রতি বাটলারের বিরুদ্ধে বিদ্রোহী নারী ফুটবলাররা তিন পৃষ্ঠার যে বিবৃতি পাঠ করেন সেটার ইংরেজি কপি লিখে দেন সুমাইয়া। এরই মধ্যে এবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

