শুরুর একাদশে থেকে মাঠে নামলেন লিওনেল মেসি। খেললেন পুরো ৯০ মিনিট। তবে মাঠের লড়াইয়ে রইলেন নিষ্প্রভ হয়ে। দ্যুতি ছড়ানোর চেষ্টা করেও পারেননি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের অনুজ্জ্বল থাকার ম্যাচে ব্যর্থতার গল্প লিখল ইন্টার মিয়ামিও।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইন্টার মিয়ামি ১-০ গোলে ধরাশায়ী হয়েছে লস অ্যাঞ্জেলস এফসির কাছে।
আজ বৃহস্পতিবার নিজেদের মাঠে লস অ্যাঞ্জেলসকে জয়সূচক গোলটি উপহার দিয়ে হিরো বনে গেছেন নাতান ওর্দাজ। মার্কিন এ ফরোয়ার্ড প্রায় ২৪ গজ দূর থেকে চোখ ধাঁধানো শটে জালে বল জড়িয়ে ম্যাচে ব্যবধান গড়ে দেন।
এ বছর সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৯ ম্যাচ ধরে অপরাজিত ছিল মিয়ামি। রোমাঞ্চকর সেই অভিযাত্রা থামল অবশেষে। ৯ ম্যাচ পর এই প্রথম ডেভিড বেকহ্যামের ক্লাবটি হজম করল হারের তেতো স্বাদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

