সিরিজে টিকে রইল দক্ষিণ আফ্রিকা

সিরিজে টিকে রইল দক্ষিণ আফ্রিকা

সিরিজটা জয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। আর প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়াল প্রোটিয়ারা। ৫৩ রানের দাপুটে জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা। দারুণ এ জয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জিইয়ে রাখল আফ্রিকার দেশটি। এ ম্যাচ জিতলে সিরিজ নিজেদের করে ফেলত অজিরা। এ ম্যাচ হারায় তাদের অপেক্ষা দীর্ঘায়িত হলো আরেকটু। তার মানে ১৬ আগস্টের শেষ ম্যাচ এখন অলিখিত ফাইনাল। সিরিজ নির্ধারিত ম্যাচটি যারা জিতবে, তারাই হাসবে শেষ হাসি।

বিজ্ঞাপন

ডারউইনের মারারা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো করেনি দক্ষিণ আফ্রিকা। ৫৭ রানেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। পরে বিপদের সময়ে দলের ব্যাটিং লাইনআপের হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস। ৫৬ বলে ১২৫* রানের দুর্বার এক ইনিংস খেলে অপরাজিত থেকে যান। তার দাপুটে এ ইনিংসে ছিল ১২ বাউন্ডারি ও ৮ ছক্কা। ৪১ বলে সেঞ্চুরি হাঁকান ‘বেবি এবিডি’। যা দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের ৩৫ বলে সেঞ্চুরির পর দ্বিতীয় দ্রুততম। তার সঙ্গে দলীয় স্কোরে ৩১ রান যোগ করেন ট্রিসটান স্টাবস। তাতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ২১৮ রানের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও বেন ডারশুইস।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বাজে ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বসে অস্ট্রেলিয়া। ৭৭ রান তুলতেই তারা খুইয়ে ফেলেছিল ৩ উইকেট। টিম ডেভিডের দুরন্ত ব্যাটিংয়ে খানিকটা চাপ কাটিয়ে উঠে। তবে তিনি ৫০ রানের বেশি দলীয় স্কোরে যোগ করতে পারেনি। অন্য কোনো সতীর্থ ব্যাটসম্যান ব্যাট হাতে দাঁড়াতে না পারায় জয়টাও হাতছাড়া হয়ে যায়। অ্যালেক্স কেরির ব্যাট থেকে আসে ২৬ রান। ২২ রান এনে দেন ওপেনার মিচেল মার্শ। ১৭.৪ ওভারে ১৬৫ রানে বিধ্বস্ত হয় স্বাগতিক অজিরা। করবিন বোশ ও কোয়েনা মাফাকা তিনটি করে উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত

দক্ষিণ আফ্রিকা : ২১৮/৭, ২০ ওভার (ব্রেভিস ১২৫*, স্টাবস ৩১; ডারশুইস ২/২৪ ও ম্যাক্সওয়েল ২/৪৪)।

অস্ট্রেলিয়া : ১৬৫/১০, ১৭.৫ ওভার (ডেভিড ৫০, কেরি ২৬, মার্শ ২২; মাফাকা ৩/৫৭ ও করবিন ৩/২০)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৫৩ রানে জয়ী।

ম্যাচসেরা : ডেওয়াল্ড ব্রেভিস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন