বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি শুরু

বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি শুরু

পাকিস্তান সিরিজ শেষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ছিল লম্বা ছুটি। ক্রিকেটারদের কেউ দেশের বাইরে, আবার কেউ দেশে পরিবারকে সময় দিয়েছেন। সেই ছুটি কাটিয়ে গতকাল এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দলে যোগ দিয়েছেন জাতীয় দলে থাকা ক্রিকেটাররা। এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা ১৬ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে এই ক্যাম্প। চার ক্রিকেটার এখনো ছুটি কাটিয়ে যোগ দেননি। বাকি ৫ ক্রিকেটার ‘এ’ দলের সঙ্গে উড়াল দেবেন অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে। নাথান কেলির অধীনে জাতীয় দলের এই ফিটনেস ক্যাম্প চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যাট-বলের স্কিল ট্রেনিং। ব্যাট-বলে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন কোচিং স্টাফের সব সদস্য।

গতকাল সকাল ৮টা থেকে শুরু হয় জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। সকাল সকাল মিরপুরের জিম ও মূল মাঠে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। গতকাল থেকে শুরু হওয়া ক্যাম্পে এখনো যোগ দেননি চার ক্রিকেটার। তারা হলেনÑলিটন দাস, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেন। ওমরাহ করতে বর্তমানে সৌদি আরবে আছেন তাসকিন। সে কারণে বাড়তি ছুটি নিয়েছেন। বাকি তিন ক্রিকেটারের আজ থেকে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রাথমিক স্কোয়াডে থাকা হাসান মাহমুদ, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কনরা ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন। ফলে তাদের ক্যাম্প করা হচ্ছে না। নেদারল্যান্ডস কিংবা এশিয়া কাপের দলে সুযোগ পেতে হলে তাদের নিজেদের প্রমাণ করতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে।

বিজ্ঞাপন

জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে ক্রিকেটাররা গতকাল থেকে নিজেদের ফিটনেস নিয়ে কাজ শুরু করেন। এবারের ফিটনেস ক্যাম্পে মূলত পেশিশক্তির ওপরই দেওয়া হচ্ছে বাড়তি নজর। আগামী ১০ আগস্ট থেকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। পাওয়ার হিটিংয়ের সঙ্গে পেশিশক্তির খানিকটা সম্পর্ক থাকায় মূলত ব্যাপারটি নিয়ে বাড়তি সতর্ক বিসিবি। ফলে সেভাবেই সাজানো হয়েছে ফিটনেস ক্যাম্পের পরিকল্পনা। সে অনুযায়ী আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের এই ফিটনেস ক্যাম্প।

শুধু পেশি শক্তির দিকেই নজর দেওয়া হয়েছে-ব্যাপারটি এমনও নয়। ক্রিকেটারদের সার্বিক ফিটনেস নিয়েও গুরুত্বসহকারে কাজ করা হচ্ছে ক্যাম্পে। মূলত একের পর এক ব্যস্ততায় ক্রিকেটারদের জন্য আলাদা করে ফিটনেস ক্যাম্প আয়োজন করা কঠিন বিসিবির জন্য। সে কারণেই ফাঁকা সময়ে ক্রিকেটারদের জন্য এই ক্যাম্প। লম্বা এই ক্যাম্পের সুবিধা নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপে কতটা কাজে লাগাতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন